গোললাইন-প্রযুক্তির নীরব অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা নীরবেই অভিষেক হয়ে গেল গোললাইন-প্রযুক্তির। পরশু জাপানে ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো ব্যবহূত হয়েছে এই প্রযুক্তি। জাপানের সানফ্রেচ্চি হিরোশিমা ও নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির মধ্যকার ম্যাচে অবশ্য তেমন পরীক্ষার মুখে পড়তে হয়নি এই ম্যাচে ব্যবহার করা গোলরেফ প্রযুক্তিকে। ম্যাচে গোলই হয়েছে একটি, বল গোললাইন অতিক্রম করেছে কি না সেটা দেখতে রেফারির কোনো সাহায্যের প্রয়োজন হয়নি। তোশিহিরো আওইয়ামার গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে জাপানি ক্লাবটি। আগামীকাল শুরু হবে কোয়ার্টার ফাইনাল।প্রযুক্তির প্রথম পরীক্ষা নিয়ে তেমন কিছুই জানায়নি ফিফা। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আগেই জানিয়েছিল, কোনো সমস্যা হলেই শুধু বিস্তারিত জানানো হবে। কোনো ধরনের সংবাদ না হওয়াটা গোলরেফ সরবরাহকারী প্রতিষ্ঠানের জন্য স্বস্তির কারণই বটে। এএফপি।