গোলশিকারি তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় কত দ্রুতই না বদলে যায়! বিশ্বকাপের আগে দুজনের অবস্থা ছিল পুরো বিপরীত। ক্লাবের হয়ে ক্যারিয়ার-সেরা মৌসুম কাটানো ওয়েইন রুনিকে ঘিরে ৪৪ বছরের বিশ্বকাপ শিরোপা-খরা ঘোচানোর স্বপ্ন দেখছিল ইংলিশরা। আর মিরোস্লাভ ক্লোসাকে বিশ্বকাপ দলে রাখায় বিস্তর সমালোচনা হলো জার্মান কোচ জোয়াকিম লোর। মৌসুমজুড়ে যিনি ক্লাবের বেঞ্চ গরম করেছেন, তাঁকে কেন রাখা হবে বিশ্বকাপ দলে!অথচ বিশ্বকাপ শুরুর পর বদলে গেল সবকিছুই। গ্রুপ পর্ব শেষে গোটা ইংল্যান্ডে হাহাকার—কোথায় হারালেন ম্যানচেস্টার ইউনাইটেডের সেই রুনি! ক্লাবের জার্সিতে অপ্রতিরোধ্য স্ট্রাইকার আশ্চর্য রকম নিষ্প্রভ তিনটি ম্যাচেই। গোল তো করতে পারেননি একটিও, হাতছাড়া করেছেন সহজতম সুযোগটিও। তবে ইংলিশদের জন্য এর চেয়েও বড় দুশ্চিন্তা, মাঠে তাঁর শারীরিক ভাষা। যেন খেলার কোনো আগ্রহই নেই তাঁর, যেন রাজ্যের ক্লান্তি এসে ভর করেছে তাঁর ওপর। প্রত্যাশার চাপে যেন নুইয়ে পড়েছেন।আর বায়ার্ন মিউনিখের সেরা একাদশে অপাঙেক্তয় ক্লোসা লোর একাদশে সুযোগ পেয়েই গোল করে আরও একবার বুঝিয়ে দিলেন চিরন্তন সেই কথাটি, ‘ফর্ম ক্ষণস্থায়ী, কিন্তু জাত চিরস্থায়ী।’ পরের ম্যাচে লাল কার্ড দেখেছেন, তাঁকে দলের কতটা প্রয়োজন, এটা বোঝাতেই যেন হেরে গেল দলও। আজ তাঁর ফেরার প্রতীক্ষায় পুরো জার্মানি!তবে পরিস্থিতি যে আবার খুব দ্রুত বদলে যেতে পারে, এটা জানা থাকার কথা দুজনেরই। ক্লোসা যেমন জানেন, আজ দল না পারলে তাঁর ওই গোল মনে রাখবে না কেউ, তেমনই রুনিও জানেন, আজ দলকে জেতাতে পারলে আগের সবকিছু ভুলে যাবে সবাই।চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দেশের জয়ের নায়ক হওয়ার সুযোগটা নিশ্চয়ই দুজনের কেউই আজ হাতছাড়া করতে চাইবেন না!