মেসি-ডি মারিয়া জেতালেন আর্জেন্টিনাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-ডি মারিয়ার দুর্দান্ত সমন্বয়ের ফসল হিসেবেই অতিরিক্ত সময়ের শেষ পর্যায়ে জয়সূচক গোলটি পেয়েছে আর্জেন্টিনা। রয়টার্স
মেসি-ডি মারিয়ার দুর্দান্ত সমন্বয়ের ফসল হিসেবেই অতিরিক্ত সময়ের শেষ পর্যায়ে জয়সূচক গোলটি পেয়েছে আর্জেন্টিনা। রয়টার্স

আবারও মেসি ম্যাজিকেই রক্ষা পেল আর্জেন্টিনা। এবার অবশ্য আর্জেন্টাইন অধিনায়ক নিজে গোল করেননি। সুইজারল্যান্ডের জালে বলটা পাঠিয়েছিলেন ডি মারিয়া। কিন্তু মেসিই ছিলেন আর্জেন্টিনার জয়সূচক গোলটির মূল কারিগর। একজন সুইস ডিফেন্ডারকে কাটিয়ে চমত্কারভাবে ডি মারিয়ার দিকে বল বাড়িয়েছিলেন এসময়ের অন্যতম সেরা এই ফুটবলার। ডি মারিয়াও শেষমুহূর্তে কোনো ভুল করেননি। অতিরিক্ত সময়ের শেষ পর্যায়ে এই গোলটির সুবাদেই ১-০ ব্যবধানের জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা।

সুইজারল্যান্ডও শেষমুহূর্তে পেয়েছিল গোল শোধ করার সুযোগ। শাকিরির দারুণ একটি ক্রসে মাথা ছুঁইয়েছিলেন ব্লেরিম জেমাইলি। কিন্তু তাঁর এই হেড ফিরে এসেছে আর্জেন্টিনার গোলপোস্টে লেগে। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে আর্জেন্টিনার পেনাল্টি বক্সের বাইরে একটা ফ্রি-কিকও পেয়েছিল সুইজারল্যান্ড। কিন্তু সেখান থেকেও গোল করতে পারেনি সুইসরা।

বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য হুমকি হয়ে উঠলেও আজ কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি মেসি। সতীর্থদের দিয়ে গোল করানোর প্রচেষ্টাও সার্থক হয়নি।

প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বেশি আক্রমণাত্মক খেলেছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডও গোল করার চেয়ে গোল ঠেকানোর দিকেই বেশি মনোযোগ দিয়েছিল। বেশ কয়েকটি গোলের সুযোগও পেয়েছিলেন মেসি-হিগুয়েনরা। কিন্তু কোনোবারই কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি।

৫৮ মিনিটে লাভেজ্জির পাস থেকে বল পেয়ে জোরালো শট নিয়েছিলেন মার্কোস রোহো। কিন্তু সুইজারল্যান্ডের গোলরক্ষক ডিয়েগো বেনাগিলো রুখে দিয়েছেন সেই শটটি। ৬৩ মিনিটে গোলপোস্টের একদম সামনে থেকে হেড করেছিলেন হিগুয়েইন। সেটাও রুখে দেন সুইস গোলরক্ষক। ৬৯ মিনিটে মেসির জোরালো চলে যায় গোলপোস্টের কিছুটা ওপর দিয়ে। ৭৮ মিনিটে আবারও গোলপোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। কিন্তু এবার তাঁর শটটি ঠেকিয়ে দেন সুইজারল্যান্ডের গোলরক্ষক।

এর আগে প্রথমার্ধেও বেশিরভাগ সময় বলের দখল নিজেদের কাছেই রেখেছিল আর্জেন্টিনা। কিন্তু ৬৩ শতাংশ সময় বলের দখল ধরে রাখলেও সুইজারল্যান্ডের রক্ষণভাগে খুব বেশি ভীতি ছড়াতে পারেননি আলেসান্দ্রো সাবেলার শিষ্যরা।

গোলবারের কাছাকাছি নিয়ে মেসি-লাভেজ্জি-ডি মারিয়ারা নিতে পেরেছেন মাত্র পাঁচটি শট। এর মধ্যে মাত্র দুইটি ছিল কাঙ্ক্ষিত লক্ষ্যে। ২৭ মিনিটে লাভেজ্জির শট সহজেই লুফে নিয়েছিলেন সুইজারল্যান্ডের গোলরক্ষক। ৪১ মিনিটে সুইস ডিফেন্ডারদের জটলার মধ্যেও দারুণভাবে বল বের করে ডি মারিয়াকে পাস দিয়েছিলেন মেসি। কিন্তু মারিয়া আস্তে করে টোকা দিয়ে বলটি তুলে দিয়েছেন প্রতিপক্ষের গোলরক্ষকের হাতে। ৩০ মিনিটের মাথায় মেসির কর্নার কিক থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়াতে পারেননি লাভেজ্জি।

অপরদিকে সুইস ফুটবলাররাও পেয়েছিলেন গোলের সুযোগ। ২৮ মিনিটে শাকিরির শট রুখে দিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রামেরো। ৩৯ মিনিটে নিশ্চিত একটি গোলের সুযোগ নষ্ট করেছেন ইয়োসিপ দ্রমিচ। সামনে শুধু গোলরক্ষক থাকলেও তাঁকে ফাঁকি দিয়ে আর্জেন্টিনার জালে বল জড়াতে পারেননি এই সুইস স্ট্রাইকার।