গোলশূন্য একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকতালীয়ভাবে দুই মাঠের স্কোরলাইন একই রকম— গোলশূন্য। টাঙ্গাইলে বিজেএমসির সঙ্গে ড্র করেছে মুক্তিযোদ্ধা। ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স-ফরাশগঞ্জ ম্যাচও গোল দেখেনি। এই ড্রটা মুক্তিযোদ্ধার জন্য খানিকটা হতাশার। এখন তাদের পয়েন্ট দাঁড়াল ৮ ম্যাচে ১৭। মুক্তিযোদ্ধার সঙ্গে একই সমান্তরালে চলা আবাহনীর পয়েন্ট ৭ ম্যাচে ১৭। আগামী বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ ফরাশগঞ্জ। আকাশি-নীলেরা জিতলে আবার তারা এককভাবে উঠে যাবে লিগ টেবিলের শীর্ষে। জয়ের লক্ষ্য নিয়ে টাঙ্গাইল গিয়ে ড্র। হতাশ মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম টাঙ্গাইল থেকে মুঠোফোনে ‘মাঠ সমস্যাকে’ দায়ী করলেন অনেকাংশে, ‘মাঠটা অসমতল। ২৬ মার্চের অনুষ্ঠান, স্কুল ফুটবল...নানা আয়োজন হচ্ছে এখানে। পানিও ঠিকমতো দেওয়া হয়নি। এটা বড় সমস্যা। আমরা প্রথম কুড়ি মিনিট ভালো খেলতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে ভালো খেললেও সুযোগ অপচয় করায় গোল আসেনি।’সাত ম্যাচে বিজেএমসির পয়েন্ট ১০। পয়েন্ট তালিকায় দলটি আপাতত তৃতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট শেখ জামালের। তারা আছে চতুর্থ স্থানে। তবে কাল ফরাশগঞ্জকে হারাতে পারলে তৃতীয় স্থানে উঠে আসত ব্রাদার্স। সাত ম্যাচে ২ জয়, ৩ ড্রয়ে ব্রাদার্সের পয়েন্ট ৯। কোচ সৈয়দ নইমুদ্দিন ছুটি কাটিয়ে দেশে ফেরার পর থেকে পাঁচ ম্যাচেই অপরাজিত ব্রাদার্স। কাল অবশ্য ভাগ্য সঙ্গে ছিল। ফরাশগঞ্জের জুনাপিউ পেনাল্টিতে গোল করতে পারলে হেরে যেতে পারত। আগের পাঁচ ম্যাচে ফরাশগঞ্জের দেওয়া ৪টি গোলই করেছেন জুনাপিউ। এ দিন দলের জয়ের নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ হারিয়েছেন পেনাল্টি শর্টটা বারে লাগিয়ে। হয়ে গেলেন খলনায়ক। একাধিক সহজ সুযোগও হাতছাড়া করেছেন ব্রাদার্সের কিংসলে। ম্যাচের শেষ দিকে দেখা দেয় উত্তেজনা। রেফারি ফরাশগঞ্জের আলবানকে হলুদ কার্ড দেখালে তা মানতে না পেরে গ্যালারি থেকে ফরাশগঞ্জের এক সমর্থক দৌড়ে মাঠে গিয়ে রেফারি মিজানুর রহমানকে শাসান। আরেকজন মাঠে ঢুকলে বের করে দেন কতর্ব্যরত প্রহরী। তবে প্রহরীকেও হুমকি-ধমকি দিয়েছে ওই সমর্থকেরা। গোটা ফরাশগঞ্জ দলটাই হলুদ কার্ডের ঘটনায় উত্তেজিত ছিল। তাদের দাবি রেফারি হলুদ কার্ড দেখিয়ে আবাহনীর বিপক্ষে ফরাশগঞ্জের দুই বিদেশি আলবান ও মারিওকেকে কৌশলে বাইরে পাঠিয়ে দিলেন! আজকের খেলামোহামেডান-ফেনী সকার (বিকেল ৩-৩০ মিনিট, ফেনী স্টেডিয়াম)