গোলশূন্য ম্যাচে উত্তেজনার রেণু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটু হলেই লেগে যাচ্ছিল ওজিল ও ইভানোভিচের। উইলিয়ান ও গিবস এসে পড়ায় রক্ষা। পরশু আর্সেনাল-চেলসি ম্যাচ বেশ কয়েকবারই দেখেছে এমন উত্তেজনা ।  রয়টার্স
আরেকটু হলেই লেগে যাচ্ছিল ওজিল ও ইভানোভিচের। উইলিয়ান ও গিবস এসে পড়ায় রক্ষা। পরশু আর্সেনাল-চেলসি ম্যাচ বেশ কয়েকবারই দেখেছে এমন উত্তেজনা । রয়টার্স

‘একঘেয়ে, একঘেয়ে’ বলে চেঁচিয়েই যাচ্ছিল আর্সেনাল সমর্থকেরা। নিশ্চয় তা হোসে মরিনহোর কানে পৌঁছে থাকবে। ম্যাচ শেষে তাই খোঁচা মারার সুযোগটা সামলাতে পারলেন না চেলসি কোচ, ‘আমি একমত। আমি দশবার আর্সেনালের সঙ্গে খেলেছি, একবারও হারিনি। আমাকে তো এটাই বলা উচিত, তাই না?’
কখনো কখনো ম্যাড়মেড়ে গোলশূন্য ড্র ম্যাচও আলোচনার খোরাক জোগায় অনেক। গত পরশু আর্সেনাল-চেলসির ম্যাচে উত্তেজনার রেণু ছড়িয়েছিল মাঠে, পরে তা ছড়িয়ে পড়ল মাঠের বাইরেও। সংবাদ সম্মেলনে মরিনহোর কথা থেকেই সেটির খানিকটা অনুমান করে নেওয়া যায়।
অনেক দিন পর যেন ‘স্বরূপে’ ফিরেছেন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’। সেই খাপখোলা তলোয়ারের মতো দুর্বিনীত মরিনহোকে আবারও দেখা গেল আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর। সংবাদ সম্মেলনে একের পর এক চাঁছাছোলা উত্তরে মিশে রইল তীব্র শ্লেষ, যেন কথা দিয়েই জেতাতে চাইলেন চেলসিকে!
পুরো ম্যাচে রক্ষণকাজেই বেশি মনোযোগ ছিল চেলসির। কখনো কখনো উঠেছে পাল্টা আক্রমণে। প্রথমার্ধে তো একবার পাল্টা আক্রমণে গোল করেই ফেলেছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, কিন্তু তাঁর ভলি ফিরে এল বারে লেগে।
নিজেদের মাঠে খেলা, আর্সেনালকে তুলনামূলকভাবে বেশিই আগ্রাসী দেখাল। ম্যাচের শেষদিকে অলিভিয়ের জিরু সুবিধাজনক জায়গায় বল পেয়েও বাইরে মারলেন, ওই গোল হলে স্বাগতিকেরা জয় পেতেই পারত। ঝোড়ো হাওয়া ও বৃষ্টিভেজা এমিরেটসের এই ম্যাচের বর্ণনা শুনুন মরিনহোর মুখে, ‘আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু হারতে চাইনি। আর্সেনালও জিততে চেয়েছিল, কিন্তু হারতে চায়নি।’
জয় কারও দিকেই হাত বাড়াল না ঠিক, তবে বিতর্কমুক্ত রইল না ম্যাচটা। বল দখলের লড়াইয়ে আর্সেনালের মিকায়েল আরতেতাকে বাজেভাবে ফাউল করে বসেছিলেন চেলসির জন ওবি মিকেল। হলুদ কার্ডও দেখতে হয়নি মিকেলকে। চেলসির বক্সের ভেতর থিও ওয়ালকটকে করা উইলিয়ানের ট্যাকলও উপেক্ষা করেছেন রেফারি। এসব নিয়ে আর্সেনাল খেলোয়াড়েরা মাঠেই ক্ষোভ দেখান। আর্সেন ওয়েঙ্গার ম্যাচ শেষে বলেই দিয়েছেন, ‘আমার মনে হয় ওটা পেনাল্টি ছিল। আর ভুল মনে করলে আমি ক্ষমা চাইছি।’
কিন্তু মরিনহো এসব কথা মানবেন কেন? তাঁর খোঁচা, ‘ওরা আসলে নাকি কান্না কাঁদতে পছন্দ করে, এটাই ওদের ঐতিহ্য।’
এই ড্রয়ে লিভারপুলের সঙ্গে সমান ৩৬ পয়েন্ট হলো আর্সেনালের। তবে গোল ব্যবধানে গানাররা এখন দুইয়ে। এর পরই ম্যানচেস্টার সিটি (৩৫), চেলসি (৩৪)। চার দল একে অন্যের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে।
এবার ইংলিশ প্রিমিয়ার লিগ কে জিতবে? পল দ্য অক্টোপাসের শরণাপন্ন হবেন নাকি? এএফপি, ওয়েবসাইট।