প্রথমার্ধের ইনজুরি সময়ে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া কিক কোনো রকমে হাত লাগিয়ে গোলবারের ওপর দিয়ে পাঠিয়ে দিলেন গ্রিসের গোলকিপার। ৮৫ মিনিটে বক্সের ভেতর থেকে ডান পায়ের গোলা ফিরল সাইডবারে। ফুটবল-বিধাতা যেন ঠিকই করে রেখেছেন, কোনোভাবেই গোল পাবেন না লিওনেল মেসি। ৩ মিনিট পর মার্টিন পালের্মোর গোল যেন নিশ্চিত করল এটাই। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে আরও দুজনের মাঝখান দিয়ে নেওয়া মেসির কিক ফিরিয়ে দিলেন গোলকিপার, ফিরতি বলে ৩৬ বছর বয়সে বিশ্বকাপ অভিষেকে গোল পেয়ে গেলেন পালের্মো।আর্জেন্টিনার হয়ে সাত মাসের গোল-খরা কালও কাটাতে পারলেন না মেসি, তবে ৩ ম্যাচের তিনটিতেই জিতেছে আর্জেন্টিনা। কাল গ্রিসকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে ডিয়েগো ম্যারাডোনার দল। নাইজেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোয় আর্জেন্টিনার সঙ্গী দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় রাউন্ডে ২৬ জুন দক্ষিণ কোরিয়া খেলবে উরুগুয়ের বিপক্ষে, পরদিন আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো। দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত বলেই নিয়মিত একাদশে কাল সাতটি পরিবর্তন এনেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। গোলশূন্য প্রথমার্ধের পর ৭৭ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস। ১১ মিনিট পর পালের্মোর ওই গোলে নিশ্চিত হয় জয়।