গোলহীন ৭২৮ মিনিট
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার নতুন রেকর্ড গড়লেন ইকার ক্যাসিয়াস। স্পেন অধিনায়ক অবশ্য ভেঙে দিলেন নিজের রেকর্ডই। স্পেনের ক্যাসিয়াস সর্বশেষ গোল খেয়েছিলেন ইতালির বিপক্ষে, গত ইউরোর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে। এরপর গত শুক্রবার বেলারুশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ পর্যন্ত টানা ৯ ম্যাচে স্পেনের জালে বল ঢুকতে দেননি ক্যাসিয়াস।সব মিলিয়ে টানা ৭২৮ মিনিট ক্যাসিয়াসকে ফাঁকি দিয়ে বল জালে ঢোকেনি। এর আগে ২০০৮ সালে পোস্টের নিচে গোলহীন ৭০৮ মিনিট কাটিয়েছিলেন ক্যাসিয়াস। আগের রেকর্ডকে এরই মধ্যে ২০ মিনিট বাড়িয়ে দিয়েছেন, আরও কতটুকু বাড়বে কে জানে! আগামীকালই অবশ্য ক্যাসিয়াসকে বড় একটা পরীক্ষার সামনে পড়তে হবে। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে স্পেন। এই ম্যাচেও কি রিয়াল মাদ্রিদ অধিনায়ক জাতীয় দলের গোলপোস্ট নিশ্ছিদ্র রাখতে পারবেন? নাকি থেমে যাবে মেসি-রোনালদো-ইনিয়েস্তাদের সঙ্গে ফিফা-ব্যালন ডি’অরের দৌড়ে থাকা ক্যাসিয়াসের অবিশ্বাস্য দৌড়? ওয়েবসাইট।