গোলাপি বলে দিবারাত্রির ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি অনুমোদন দিয়ে দেওয়ায় দিবারাত্রির চার দিনের ক্রিকেট ম্যাচ আয়োজনে এখন আর বাধা নেই। বাংলাদেশে সেটা প্রথম দেখা যাবে আসন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চার দিনের ম্যাচের টুর্নামেন্টে। ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের দিবারাত্রির ফাইনাল হবে গোলাপি বলে। লিগের ভেন্যু ঢাকা ও খুলনা।সিঙ্গেল লিগ পদ্ধতির টুর্নামেন্টে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনাল। টুর্নামেন্টটা যদিও ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে, ফাইনাল হবে বিপিএলের পর ও জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের আগে। গতকাল বিসিবির টুর্নামেন্ট কমিটির সঙ্গে তিনটি ফ্র্যাঞ্চাইজির সভার পর জানানো হয়েছে এসব তথ্য। এখন পর্যন্ত পাওয়া ফ্র্যাঞ্চাইজি ওয়ালটন, প্রাইম ব্যাংক ও ইসলামী ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে সভায় ছিলেন অ্যাডহক কমিটির সদস্য মাহবুবুল আনাম ও টুর্নামেন্ট কমিটির প্রধান নাঈমুর রহমান।সভায় তিন ফ্র্যাঞ্চাইজির দলও চূড়ান্ত হয়েছে। জাতীয় লিগের ঢাকা ও ঢাকা মহানগর দলের খেলোয়াড়দের নিয়ে মধ্যাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি ওয়ালটন। চট্টগ্রাম ও সিলেটকে নিয়ে পূর্বাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি ইসলামী ব্যাংক। আর প্রাইম ব্যাংক পেয়েছে বরিশাল-খুলনার সমন্বয়ে গড়া দক্ষিণাঞ্চল। রাজশাহী-রংপুর মিলে হওয়া উত্তরাঞ্চলের জন্য এখনো ফ্র্যাঞ্চাইজি পাওয়া না গেলেও তাদের পৃষ্ঠপোষণা করবে বিসিবি। অন্যান্য ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের মতো সুযোগ-সুবিধা দেওয়া হবে উত্তরাঞ্চলের খেলোয়াড়দেরও।ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হলেও টুর্নামেন্টটা হবে সরাসরি বিসিবির টুর্নামেন্ট কমিটির তত্ত্বাবধানে। বিপিএলের মতো এখানে কোনো মধ্যস্বত্বভোগী নেই বলে টাকাপয়সার লেনদেন বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যেই হবে। ফি বাবদ প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বিসিবিকে দিচ্ছে ৫০ লাখ টাকা করে। খেলোয়াড়দের ম্যাচ ফি থেকে শুরু করে দল পরিচালনার যাবতীয় খরচও তারাই বহন করবে। ম্যাচ ফি হিসেবে প্রত্যেক খেলোয়াড়কে ৪০ হাজার টাকা করে দেবে ফ্র্যাঞ্চাইজিরা। বিসিবি দেবে কেবল ম্যাচ চালানোর খরচ আর প্রাইজমানি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩৫ লাখ টাকা, রানার্সআপ ১৫ লাখ টাকা। এ ছাড়া পুরস্কার থাকবে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্টসহ অন্যান্য ব্যক্তিগত অর্জনের জন্যও।চার দিনের ম্যাচের এই টুর্নামেন্টে খেলোয়াড় নিলাম হবে না। চূড়ান্ত দল নির্বাচনের অধিকার থাকছে ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে। তবে দল নির্বাচনে অনুসরণ করতে হবে সদ্য সমাপ্ত জাতীয় লিগের খেলোয়াড় তালিকা। ‘আমরা জাতীয় লিগের খেলোয়াড় তালিকাগুলো ফ্র্যাঞ্চাইজিদের দেব। মধ্যাঞ্চলের ফ্র্যাঞ্চাইজিকে যেমন দেওয়া হবে ঢাকা ও ঢাকা মেট্রোর খেলোয়াড় তালিকা। এই দুই দলের খেলোয়াড়দের মধ্য থেকে তারা তাদের দল নির্বাচন করবে। এভাবে অন্যান্য অঞ্চলকেও তাদের আওতার মধ্যে থাকা বিভাগীয় দলগুলোর খেলোয়াড় তালিকা সরবরাহ করা হবে’—কাল সভা শেষে জানিয়েছেন মাহবুবুল আনাম।টুর্নামেন্টের ম্যাচগুলো চার দিনের হলেও আপাতত সেগুলোকে প্রথম শ্রেণীর ম্যাচ ধরা হবে না। তবে মাহবুবুল আনাম জানিয়েছেন, টুর্নামেন্ট শুরু হলে এটিকে প্রথম শ্রেণীর ক্রিকেটের মর্যাদা দেওয়ার আবেদন করা হবে আইসিসির কাছে।