গোলাপি বলে বিসিএল ফাইনাল
১৯ ফেব্রুয়ারির ফাইনাল দিয়ে শেষ হয়ে যাবে বিপিএলের দ্বিতীয় আসর। এর দুই দিন পরই শুরু হয়ে যাবে প্রথমবারের মতো হওয়া চার দিনের ম্যাচের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিসিএলের ফাইনাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা ১টায় শুরু দিবারাত্রির এই ফাইনালে মুখোমুখি হবে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল।বিসিএলের লিগ পর্বের খেলা শেষ হয়ে গিয়েছিল বিপিএলের আগেই। ফাইনালটা হওয়ার কথা বিপিএল শেষে। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু দিবারাত্রির এই ফাইনাল হবে গোলাপি বলে। কিন্তু শ্রীলঙ্কায় লাল বলে টেস্ট খেলতে যাওয়ার আগে গোলাপি বলে চার দিনের ম্যাচ খেলা কতটা যৌক্তিক? টেস্টের প্র্যাকটিসের জন্য এই ম্যাচটাও লাল বলে হলেই ভালো হতো। অবশ্য বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান নাঈমুর রহমান যে ব্যাখ্যা দিলেন, ফেলে দেওয়া যাচ্ছে না সেটাও, ‘আইসিসি থেকে সব বোর্ডের প্রতিই নির্দেশনা আছে পরীক্ষামূলকভাবে গোলাপি বলে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার। সেজন্যই এটা খেলতে হচ্ছে।’অন্যান্য দেশে গোলাপি বলে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব একটা সুখের নয়। গোলাপি রংটা দ্রুতই নষ্ট হয়ে যায়, লাল বলের তুলনায় এটি কম টেকসই। সেজন্য ৮০ ওভারের পরিবর্তে ৭০ ওভার শেষেই নতুন বল নেওয়ারও নাকি একটা চিন্তাভাবনা চলছে বিসিএল ফাইনালে।