গোলাপি বলের প্রথম দিন রকিবুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের প্রথম ও একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান তিনি। কাল নামটা জুড়ে দিলেন আরেকটি ‘প্রথম’-এর সঙ্গেও। বাংলাদেশে গোলাপি বলের ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান রকিবুল হাসান!মাহমুদউল্লাহ ফিট থাকলে যাঁর এই ম্যাচের একাদশে থাকা অনিশ্চিত হয়ে পড়ত, সেই রকিবুলই বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালের প্রথম দিনে ওয়ালটন মধ্যাঞ্চলের নায়ক। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক পাশে অবিচল দাঁড়িয়ে খেলেছেন দারুণ এক ইনিংস। ১২৫ রানের ইনিংসটাকে আরও বিশেষ করে তুলেছে গোলাপি বল। এই ম্যাচে বাকি সবকিছু ছাপিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে যে ওই গোলাপি রঙের বলই! গোলাপি বলের আগে কমলা-হলুদ বলেও পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে গোলাপি বলকেই। তবে কতটা উপযুক্ত, এটা নিয়ে প্রশ্ন ছিল অনেক। গোলাপি বলে এটি সপ্তম প্রথম শ্রেণীর ম্যাচ। আগের ম্যাচগুলো থেকে নেতিবাচক উত্তরই এসেছিল বেশি। তবে কাল উইকেটে ২৯৩ মিনিট বলটিকে খুব কাছ থেকে দেখা রকিবুলের তেমন নেতিবাচক কিছু মনে হয়নি, ‘রংটা আলাদা, এ ছাড়া আর ভিন্ন কিছু মনে হয়নি। ফ্লাডলাইটে বা বল পুরোনো হওয়ার পরও দেখতে খুব সমস্যা হয়নি। তবে ময়লা হয় একটু দ্রুত, বল ঘষে উজ্জ্বল করা যায় একটু কম। বল ভালোভাবে পরিষ্কার করতে পারলে সমস্যা দেখি না।’ বিসিবি উত্তরাঞ্চলের পেসার সাজেদুলের আপত্তি একটা জায়গায়, ‘বল পিচ করার পর গতি মনে হয় একটু কমে যায়।’ মধ্যাঞ্চলের অধিনায়ক মোশাররফ হোসেনের উপলব্ধিও একই রকম, ‘গড়পড়তা বল আর বাড়তি জোর দিয়ে করা বলের মধ্যে পার্থক্য খুব বেশি থাকে না। বল পড়ে মন্থর হয়ে যায়।’ বল পিচ পড়ার পর গতি কমে যাওয়ার অনুযোগ শোনা গেল আরও বেশ কয়েকজনের কণ্ঠে। তবে সবচেয়ে বেশি সংশয় ছিল যেটি নিয়ে, সেই স্থায়িত্বের পরীক্ষায় টিকে গেছে পঞ্চম প্রজন্মের এই গোলাপি কোকাবুরা। গোলাপি বলে শেষ ম্যাচটি হয়েছিল গত সেপ্টেম্বরে, দক্ষিণ আফ্রিকায়। যদিও সেটা প্রথম শ্রেণীর ম্যাচ ছিল না। পরীক্ষামূলক একটি ম্যাচে খেলেছিল নর্থ ওয়েস্ট ও নাইটস। প্রথম ইনিংসে ১১২ ওভার খেলে ৫৬২ রান তুলেছিল নাইটস, কিন্তু ওই ১১২ ওভারে বল পরিবর্তন করতে হয়েছিল পাঁচবার! এই ম্যাচে টিকবে না ধরে নিয়ে আগে থেকেই ৮০ ওভার থেকে কমিয়ে ৭০ ওভার পরই নতুন বল নেওয়ার নিয়ম করা হয়েছিল। কাল ৭০ ওভার বেশ ভালোভাবেই টিকে গেছে গোলাপি বল।বিসিএলে আগের দুই ম্যাচ মিলিয়ে রকিবুল করেছিলেন ২৬। কাল এক ইনিংসেই করলেন ১২৫। বরাবরই তাঁর ব্যাটিংকে মনে করা হয় বড় দৈর্ঘ্যের ম্যাচের উপযোগী। কিন্তু বাস্তবতা হলো, আট বছর ধরে প্রথম শ্রেণীর ক্রিকেট খেললেও এক মৌসুমে দুই সেঞ্চুরি করলেন এই প্রথম! গত ডিসেম্বরে জাতীয় লিগের শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে করেছিলেন ১৬০। রকিবুল ভালো খেললে যেমন খেলেন, এই ইনিংসেও ছিল তেমনি দারুণ সব ড্রাইভ। তবে মধ্যাঞ্চলের আরও ছয় ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁলেও নয়ে নেমে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসানই (৩১) শুধু ৩০ পেরিয়েছেন। অষ্টম উইকেটে নুরুলের সঙ্গে রকিবুলের ৫৩ রানের জুটি ম্যাচের একমাত্র অর্ধশত রানের জুটি। আগের চারটি জুটিতে এসেছে—৪৬, ৪২, ৪৭, ও ৪২। পাপড়ি মেলার আগেই শেষ হয়ে গেছে প্রতিটি জুটি, মধ্যাঞ্চলের ইনিংসও তাই ছুঁতে পারেনি তিন শ। সেঞ্চুরি করায় রকিবুলের যেমন বলের গোলাপি রংটা খুব পছন্দ হওয়াই স্বাভাবিক, উত্তরাঞ্চলের পেসার ফরহাদ রেজারও তা-ই হওয়ার কথা। মাত্র ১৮ রানে যে নিয়েছেন ৪ উইকেট।