গোলের খোঁজে ফন পার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ডকে অধরা বিশ্বকাপ শিরোপা এনে দেবেন রবিন ফন পার্সি—রুদ খুলিতের মতো ডাচ গ্রেট থেকে শুরু করে সাধারণ মানুষ, সবারই প্রত্যাশা ছিল এমনটাই। বিশ্ব্বকাপের আগে তিন প্রস্তুতি ম্যাচে চার গোল করে ফন পার্সিও যেন ইঙ্গিত দিলেন প্রত্যাশা পূরণের। অথচ বিশ্বকাপ আসতেই অনুজ্জ্বল এই স্ট্রাইকার, চার ম্যাচে করেছেন মাত্র ১ গোল! দ্বিতীয় রাউন্ডে স্লোভাকিয়ার বিপক্ষে মাঠ থেকে তুলে নেওয়ার সময় তো বের হলেন রেগেমেগে। তবে নিজেকে সামলে নিয়েছেন আর্সেনাল স্ট্রাইকার। নিজের পারফরম্যান্সে হতাশ হলেও ভেঙে পড়েননি, জানিয়েছেন ‘গোল আসছে!’গোল মাত্র একটি করলেও সুযোগ কিন্তু তিনি অনেক পেয়েছিলেন। ফন পার্সির হতাশাও এখানেই, ‘আমি গোল পাচ্ছি না আর এটা আমাকে কুরে কুরে খাচ্ছে। বেশ কিছু সুযোগ আমি পেয়েছিলাম। আমি ওসব পেছনে ফেলতে চাই, আরও গোল করতে চাই।’ স্লোভাকিয়ার বিপক্ষে ৮০ মিনিটের সময় কোচ তাঁকে তুলে নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোর ব্যাখ্যাও দিয়েছেন, ‘আমি শেষ পর্যন্ত খেলতে চেয়েছিলাম। ভেবেছিলাম ওরা শেষ ১০ মিনিটে অনেক বেশি ঝুঁকি নিয়ে খেলবে আর আমি এই সুযোগটাই কাজে লাগাব। আমি দেখতে পাচ্ছিলাম ওরা একটু বেশি উন্মুক্ত হয়ে যাচ্ছে। বের হয়ে যাওয়ার সময় তাই আমার খারাপ লেগেছিল।’এ ঘটনায় অনেকেই আবার কোচের সঙ্গে তাঁর বিবাদের গন্ধ পেয়েছিলেন। তবে এ ধরনের কিছু উড়িয়ে দিয়েছেন কোচ বার্ট ফন মারউইক, ‘আমি ওর সঙ্গে করমর্দন করেছি। ওর হতাশাটা বুঝতে পারছিলাম, আমার তো মনে হয় এটা খারাপ কিছু নয়। পুরো ম্যাচ সবাই খেলতে চায়।’ ওই ম্যাচের সেরা খেলোয়াড় আরিয়েন রোবেনও এটাকে বড় কিছু মনে করছেন না, ‘রবিনকে খুব কড়া মার্কিংয়ে রাখা হচ্ছে, ও জায়গা পাচ্ছে না। এমনটা ও হতাশা থেকেই করেছিল, এর মধ্যে অন্য কিছু দেখা ঠিক নয়।’ফন পার্সি অবশ্য কে কী বলল তা নিয়ে মাথাই ঘামাচ্ছেন না। তাঁর ভাবনায় স্রেফ দুঃসময়কে পেছনে ফেলা। ২৬ বছর বয়সী স্ট্রাইকারকে আশা জাগাচ্ছে ইংলিশ লিগের অভিজ্ঞতা, ‘ইংল্যান্ডে খেলে একটা ব্যাপার অন্তত আমি শিখেছি যে যত সুযোগই মিস করি না কেন, একজন স্ট্রাইকারের সুযোগ আসবেই। মনে আছে এভারটনের বিপক্ষে একটি ম্যাচে আমি একবার তিনটে সুযোগ হাতছাড়া করেছিলাম। কিন্তু পরে করেছিলাম জয়সূচক গোলটি।’ফন পার্সির এই অভিজ্ঞতাকে খুব বেশি প্রয়োজন হবে আগামী পরশু, প্রথম কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে ফেবারিট ব্রাজিলের। ওয়েবসাইট।