গোলের গন্ধ পান মরিনহো

গোল হজম করলে বা হারের আশঙ্কা দেখা দিলে ক্ষোভ-হতাশায় ফেটে পড়তে দেখা যায় অনেক কোচকেই। কিন্তু হোসে মরিনহো যেন ব্যতিক্রমী এক চরিত্র। ডাগ আউটে প্রায়শই বিতর্কিত ঘটনার জন্ম দিলেও গোল হজম করার পরও খুব একটা ক্ষুব্ধ-উত্তেজিত অবস্থায় দেখা যায় না এ সময়ের অন্যতম সেরা এই কোচকে। সম্প্রতি জানা গেল এর রহস্য। পর্তুগিজ এই কোচ নাকি আগে থেকেই অনেক কিছু অনুমান করতে পারেন। গোল হবে কি না, সেই গন্ধও নাকি পেয়ে যান আগেভাগেই।
নরউইচ সিটির বিপক্ষে চেলসির শেষ ম্যাচটির পর নিজের এই গুণের কথা সাংবাদিকদের জানিয়েছেন মরিনহো। ম্যাচের শুরুতেই অস্কারের গোলে এগিয়ে গেলেও জয় পেতে বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে মরিনহোর শিষ্যদের। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু নিশ্চিত একটা গোলের সুযোগ নষ্ট করেছেন ডেমবা বা। মরিনহো নাকি তখনই টের পেয়েছিলেন, নরউইচ ম্যাচে সমতা ফেরাবে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘খেলা চলার সময় আমি খুব বেশি উত্তেজিত থাকি না। আমি কিছু জিনিসের গন্ধ পাই। যখন লামবা বা সহজ গোলের সুযোগটা নষ্ট করল, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তারা একটা গোল করবে। ১-১ ব্যবধানে থাকার সময় আমরা ম্যাচটা হেরেও যেতে পারতাম। কিন্তু সেই সময়ে আমরা শুধু একটা পয়েন্ট পাওয়ার জন্য খেলছিলাম না; আমরা চেয়েছিলাম পয়েন্ট তালিকার শীর্ষে যেতে। কাজেই আমরা ম্যাচটা জেতারই চেষ্টা করেছি।’
৮৪ মিনিট পর্যন্ত ১-১ ব্যবধানের সমতা থাকার পর চেলসির পক্ষে জয়সূচক গোল দুটি এসেছে বদলি দুই খেলোয়াড় ইডেন হ্যাজার্ড ও উইলিয়ানের পা থেকে। একদম শেষ মুহূর্তে এই বদলটাই যে খেলার ফল বদলে দেবে, সেটাও কি মরিনহো আগেই টের পেয়েছিলেন?