গোলের দায় ভুভুজেলার!
কোচ ডিয়েগো ম্যারাডোনা দক্ষিণ কোরিয়ার কাছে এক গোল খাওয়াটাকে স্রেফ মার্টিন ডেমিচেলিসের একটা ভুল হিসেবে দেখছেন। তিনি বলেও দিয়েছেন, খেলোয়াড়দের ভুল হয়েই থাকে। কিন্তু আর্জেন্টাইন খেলোয়াড়েরা এই গোলটাকে মেনে নিতে পারছেন না। পুরো ম্যাচ তারা নিয়ন্ত্রণ করেছে, চারটে গোল করেছে; তার পরও কেন দৃষ্টিকটু একটা গোল খাবে আর্জেন্টিনা!লিওনেল মেসি, অধিনায়ক হাভিয়ের মাচেরানো, এমনকি গোলরক্ষক সার্জিও রোমেরো—সবাই এই গোলের জন্য দায় দিচ্ছেন ভুভুজেলার শব্দকে। সবার ভাষ্য একটাই, ভুভুজেলার প্রবল শব্দেই সতীর্থদের সতর্কবাণী শুনতে পাননি ডেমিচেলিস। ফলে দক্ষিণ কোরিয়ান গোলদাতা লি চুং-ইয়ংকে মার্কিং করতে পারেননি এই ডিফেন্ডার। এর আগেই ভুভুজেলা নিয়ে মুখ খোলা লিওনেল মেসি বলছেন, তাঁরা সমানে চিৎকার করছিলেন, কিন্তু ডেমিচেলিস কিছুই শুনতে পাননি, ‘অন্যদিনের মতোই কোনো কিছু শোনার উপায় ছিল না। মিকোর (ডেমিচেলিসের) ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আমরা চারপাশ থেকে চিৎকার করছিলাম। কিন্তু ও কিচ্ছু শুনতে পায়নি, বলও দেখতে পায়নি। আমি নিজেই তো কয়েকবার করে এই ভুভুজেলার জন্য অন্য কারও কথা শুনতে না পেয়ে বল মিস করলাম।’মেসির কথাই যেন পুনরুক্তি করে শোনালেন গোলরক্ষক রোমেরো, ‘নিজে কথা বললেই শোনা যায় না। আমি ওই সময় দুই ডিফেন্ডারকে লক্ষ করে চিৎকার করে যাচ্ছিলাম। কিন্তু ওরা আমার কোনো কথাই শুনতে পায়নি। আবার এমনও হয়েছে, ডিফেন্ডাররা আমাকে উদ্দেশ করে কিছু বলছে কিন্তু আমি স্রেফ ওদের মুখের দিকে তাকিয়ে রয়েছি, কিছু শুনতে পারিনি।’মনে হচ্ছে, আর্জেন্টাইন খেলোয়াড়েরা ভুভুজেলা নিয়ে রীতিমতো একজোট হয়েছেন। অধিনায়ক মাচেরানোও ঠিক একই সুরে সমালোচনা করলেন ভুভুজেলার, ‘মাঠে যে প্রবল শব্দ হয়, তাতে পরস্পরের সঙ্গে যোগাযোগ করাটা খুব কঠিন। মিকো শুনতেই পায়নি যে ওর পেছন থেকে কেউ আসছে। কিন্তু শেষ পর্যন্ত এটাই ফুটবল।’ ওয়েবসাইট।