প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফটি করেছেন ডেভিড ভিয়া। আন্তর্জাতিক গোলের ফিফটি। পরশু ইউরো ২০১২ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে স্পেনের তৃতীয় গোলটি করেই এই মাইলফলক ছুঁয়েছেন ভিয়া। এ জন্য তাঁকে খেলতে হয়েছে ৮০টি ম্যাচ। তাঁর আগে আরও ৩৪ জন ফুটবলার এই কৃতিত্ব দেখালেও স্পেনের পক্ষে তিনিই প্রথম। এই তালিকায় সবচেয়ে বেশি চারজন করে আছে ব্রাজিল ও হাঙ্গেরির ফুটবলারের নাম। আন্তর্জাতিক ফুটবলে সর্বপ্রথম ৫০ গোল করেছিলেন হাঙ্গেরির ইমরে শ্লোসার। ১৯১৬ সালের ৫ নভেম্বর অস্ট্রিয়ার বিপক্ষে গোলের ফিফটি পূর্ণ করেছিলেন ৬৮ ম্যাচে ৫৯ গোল করা এই হাঙ্গেরিয়ান। নিজের ৫০তম ম্যাচেই গোলের ফিফটি করেছিলেন শ্লোসার। সবচেয়ে কম ম্যাচে ৫০ গোল ডেনমার্কের পল নিয়েলসনের। ৩৮ ম্যাচে ৫২ গোল করা এই ডেনিস মাত্র ৩৬ ম্যাচেই করেছিলেন ফিফটি। আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি করা একমাত্র ফুটবলার হচ্ছেন ইরানের আলী দাইয়ি (১০৯)।