গোলের বন্যায় উদ্বোধন
শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বাইরে উড়ছে নানা রঙের পতাকা। ভেতরের গ্যালারিও ফুল দিয়ে সাজানো, সুশোভিত মঞ্চ। চারদিকে উৎসব উৎসব ভাব। কাল মিরপুরের এই ইনডোর স্টেডিয়ামেই শুরু হয়েছে ছয়জাতির আইএইচএফ আন্তর্জাতিক হ্যান্ডবল চ্যালেঞ্জ ট্রফি। প্রথম দিনে আফগানিস্তানকে ৪৬-২০ গোলে হারিয়ে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ।সকালে পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে খেলা শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বিকেলে। ‘আজি বাংলাদেশের হূদয় হতে...’ গান দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুরু। সিদ্ধেশ্বরী গার্লস স্কুল ও কলেজের একঝাঁক কিশোরীর মনোমুগ্ধকর ডিসপ্লে ছিল আধা ঘণ্টার অনুষ্ঠানের মূল আকর্ষণ। এরপর ছয় দলের মার্চপাস্ট। সেখানে ভারতীয় দলের প্ল্যাকার্ড বহনকারী তরুণীর পেছনে কোনো খেলোয়াড়-কর্মকর্তাই ছিলেন না। খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের দলটি তখনো রয়ে গেছে বিমানবন্দরে।হতাশার কথা, মাত্র ১০ টাকার টিকিট কেটেও এত বড় টুর্নামেন্টের খেলা দেখতে আসছে না কেউ। স্টেডিয়ামের টিকিট-বিক্রেতা হাফিজুর রহমান জানালেন, সব মিলিয়ে মাত্র দেড় শ টিকিট বিক্রি হয়েছে। প্রথম দিনেই আন্তর্জাতিক এই টুর্নামেন্টটাকে অন্ধকার করল আরও একটা ব্যাপার—লোডশেডিং। শীতাতপ নিয়ন্ত্রিত ইনডোরে বাংলাদেশের ম্যাচের শেষ দশ মিনিট খেলা হলো জেনারেটরের স্বল্প আলোতে।গত এসএ গেমসে আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। কাল অনূর্ধ্ব-২১ দলের লড়াইয়েও জিতল বড় ব্যবধানেই। শুরু থেকেই আক্রমণে যাওয়া বাংলাদেশের খেলোয়াড়দের কাছে পাত্তাই পাচ্ছিল না দীর্ঘাদেহী আফগানরা। বাংলাদেশের সর্বোচ্চ ১৪টি গোল করেন ইমদাদুল হক। দিদার হোসেন ৯টি ও সুধন বড়ুয়া ৮টি গোল করেন। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ কামরুল ইসলাম (কিরণ) ম্যাচ শেষে বললেন, ‘প্রথম ম্যাচেই জেতায় ভালো লাগছে। আমরা আশানুরূপ খেলেছি। তবে টুর্নামেন্টের ভালো দল ভারত-পাকিস্তান। এদের সঙ্গেই আসল লড়াইটা হবে।’ টুর্নামেন্টে ফাইনালে খেলার স্বপ্ন তাঁর। অন্যদিকে আফগানিস্তানের কোচ এম আকবর খেলোয়াড়দের অনভিজ্ঞতাকেই দায়ী করলেন হারের জন্য, ‘আমরা মাত্র দুই মাসের প্রস্তুতিতে এখানে এসেছি। তা ছাড়া দলের বেশির ভাগ খেলোয়াড়ই তরুণ ও অনভিজ্ঞ।’এর আগে দিনের প্রথম ম্যাচে পাকিস্তান ৪৯-১৪ গোলে হারায় নেপালকে। নেপালকে উড়িয়ে দেওয়া ম্যাচে তাদের সর্বোচ্চ গোলদাতা—হাবিবুর রহমান ও এম এম আশরাফ। দুজনই করেছেন ৯টি করে গোল। পাকিস্তান কোচ তাহের হামিদ বড় জয় পেয়ে দারুণ খুশি, ‘ছেলেদের খেলায় আমি খুব খুশি। তবে এই গরমে আমাদের বেশ কষ্ট হয়েছে।’ পাকিস্তান কোচ ভারতকেই তাদের মূল প্রতিপক্ষ ভাবছেন, ‘ভারত শক্তিশালী দল জানি। চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে আমরাই জিতব ইনশাল্লাহ।’