গোল্ড কাপ মেক্সিকোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে যুক্তরাষ্ট্রকে টানা দ্বিতীয়বারের মতো হারিয়ে শিরোপা জিতেছে মেক্সিকো। প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনালটি জিতে নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে মেক্সিকো।প্রথমার্ধের ২২ মিনিটের মধ্যেই মেক্সিকোর জালে দুবার বল জড়িয়ে দিয়েছিলেন মাইকেল ব্র্যাডলি ও ল্যান্ডন ডনোভান। কিন্তু এরপর জয়ের জন্য মরিয়া হয়ে পাল্টা আক্রমণ শুরু করে মেক্সিকো। ২৮ মিনিটের মাথায় জাভিয়ের হার্নান্দেজের পাস থেকে একটি গোল শোধ করেন মিডফিল্ডার পাবলো বারেরা। ছয় মিনিট পর খেলায় ২-২ এ সমতা ফেরান আন্দ্রেস গুয়ার্দাদো। দ্বিতীয়ার্ধে স্বাগতিক যুক্তরাষ্ট্রের ওপর আরও চেপে বসে মেক্সিকো। বিরতির পর খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই নিজের দ্বিতীয় গোলটি করেন বারেরা। ৩-২ এ এগিয়ে যায় মেক্সিকো। তবে ৫৯ মিনিটে আবারও খেলায় সমতা ফেরানোর একটা মোক্ষম সুযোগ পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ক্লিন্ট ডেম্পসি। কিন্তু তাঁর দুর্দান্ত শট ফিরে আসে বারে লেগে। ৭২ মিনিটে দর্শনীয় একটা গোল করে মেক্সিকোর জয় নিশ্চিত করেন স্ট্রাইকার জিওভানি দস সান্তোস। রয়টার্স।