গোল্ডেন ফুটের মনোনয়ন পেলেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্রিস্টিয়ানো রোনালদো।

দুর্দান্ত একটা বছরই কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুতেই জিতেছিলেন বর্ষসেরার পুরস্কার। চার বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির কাছ থেকে পুনরুদ্ধার করেছিলেন হারানো আসনটা। এবারের মৌসুমে ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে কোপা ডেল রের শিরোপাও জিতেছেন। সামনে আছে চ্যাম্পিয়নস লিগ জয়ের হাতছানিও। এ বছর রোনালদোর মুকুটে যোগ হতে পারে আরও একটি পালক। টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন ফুট পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এই পর্তুগিজ তারকা।
গত বছর পুরস্কারটা উঠেছিল দিদিয়ের দ্রগবার হাতে। এবার রোনালদোর সঙ্গে মনোনয়ন পেয়েছেন ফ্রাঙ্ক রিবেরি, আন্দ্রেস ইনিয়েস্তা, আন্দ্রেস পিরলো, ম্যানুয়েল নয়্যার, ওয়েইন রুনি, থিয়েরি অঁরির মতো খেলোয়াড়েরা। অনেকেই হয়তো অবাক হয়ে ভাবছেন যে, এসময়ের অন্যতম সেরা খেলোয়াড় মেসির নামটা কোথায়? আসলে এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ার বয়সই হয়নি আর্জেন্টাইন তারকার।
২৮ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের হাতেই ওঠে এই গোল্ডেন ফুট পুরস্কার। একবারের বেশি কেউ জিততেও পারেন না পুরস্কারটি। ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত এই পুরস্কার উঠেছে রবার্তো ব্যাজ্জিও, পাভেল নেদভেদ, আন্দ্রে শেভশ্চেঙ্কো, ব্রাজিলিয়ান রোনালদো, ডেল পিয়েরো, রবার্তো কার্লোস, রোনালদিনহো, ফ্রান্সিসকো টট্টি, রায়ান গিগস, জ্ল্বাতান ইব্রাহিমোভিচ ও দিদিয়ের দ্রগবার হাতে।

গোল্ডেন ফুট পুরস্কারের মনোনয়ন দেওয়ার কাজটি করেন সাংবাদিকেরা। কিন্তু চূড়ান্ত বিজয়ীকে বেছে নেওয়ার ভারটা থাকে সমর্থকদের ওপর। ফুটবলপ্রেমীদের ভোটের মাধ্যমেই বেছে নেওয়া হয় গোল্ডেন ফুট পুরস্কারজয়ীকে। এ বছরের বিজয়ী নির্ধারণের জন্য ভোটগ্রহণ চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত। অক্টোবরের ১৩ তারিখে মোনাকোতে ঘোষণা করা হবে পুরস্কারজয়ী ফুটবলারের নাম।— গোল ডটকম