গোল্ডেন বলের দাবিদার যাঁরা

কে জিতবে বিশ্বকাপ শিরোপা—এ নিয়ে চিরায়ত উত্তেজনা, আগ্রহ তো রয়েছেই। পাশাপাশি কার হাতে উঠবে গোল্ডেন বল, তা নিয়েও সমর্থকদের বিরাট আগ্রহ। বরাবরের মতো এবারও ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। ঠাঁই পাওয়া ১০ জনের চারজনই জার্মানির, তিনজন আর্জেন্টিনার আর বাকি তিনজন ব্রাজিল, কলম্বিয়া ও হল্যান্ডের। এখানে ইংরেজি নামের আদ্যক্ষর অনুযায়ী ‘গোল্ডেন বল’ প্রার্থীদের তালিকা দেওয়া হলো।
অ্যাঙ্গেল ডি মারিয়া (আর্জেন্টিনা)
লিওনেল মেসির ‘ডান হাত’ বলা চলে তাঁকে। মধ্যভাগ সামলে প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপাতে যথেষ্ট পারঙ্গম রিয়াল তারকা। দূরপাল্লার শট, গতি, দুর্বোধ্য ড্রিবলিং, ফিনিশিং স্কিল—অসাধারণ এক প্যাকেজ। দ্বিতীয় পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক একমাত্র গোলটি ডি মারিয়ার।
ম্যাটস হামেলস (জার্মানি)
বরুসিয়া ডর্টমুন্ডের এ সেন্টার হাফ দারুণ ঝলক দেখিয়েছেন চলতি বিশ্বকাপে। জার্মান রক্ষণ অক্ষত রাখতে বদ্ধপরিকর। শুধু রক্ষণভাগ আঁকড়ে বসে থাকেননি, কখনো কখনো প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিয়ে এসেছেন। গোল করেছেন পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে।
টনি ক্রুস (জার্মানি)
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করার নেপথ্যের অন্যতম নায়ক ক্রুস। মধ্যভাগে যেমন দাপট, তেমনি প্রতিপক্ষের রক্ষণভাগে ফাটল ধরাতেও তিনি বেশ পটু। বিশ্বকাপে দারুণ ধারাবাহিকতা বেশ এগিয়ে রেখেছে ক্রুসকে।
ফিলিপ লাম (জার্মানি)
জার্মান অধিনায়ক যেন দলের নিউক্লিয়াস। গোটা দলকে এক সুতোয় গেঁথে তছনছ করেন প্রতিপক্ষের স্বপ্ন-সাধ। মাঠে লাম থাকা মানে জার্মান দলের পালে দুরন্ত হাওয়া!
হাভিয়ের মাচেরোনা (আর্জেন্টিনা)
আর্জেন্টিনা দলের রক্ষণভাগ বরাবারই টেনেটুনে পাস নম্বর পেয়ে এসেছে। কিন্তু এবারের বিশ্বকাপে নীল-সাদাদের রক্ষণভাগের অন্য চেহেরা। দলের রক্ষণভাগকে চীনের মহাপ্রাচীরে পরিণত করতে যাঁর অবদান সবচেয়ে বেশি, তিনি মাচেরানো। সেমিফাইনালে আরিয়েন রোবেনের দুরন্ত ওই প্রচেষ্টায় শেষ মুহূর্তে মাচেরানো যদি পা পেতে না দিতেন, তাহলে কী হতো কেউ কি ভেবে দেখেছেন?
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
তাকে নিয়ে নতুন করে বলার কী আছে! নিঃসন্দেহে এ বিশ্বকাপ খুদে জাদুকরের কাছে অন্য রকম। দলকে ২৪ বছর পর ফাইনালে তোলার পেছনে তাঁর অবদান দু-এক কথায় বলা মুশকিল। টানা চারবার ম্যান অব দ্য ম্যাচ হয়ে রেকর্ড গড়েছেন। গোল করেছেন, করিয়েছেন। মোদ্দা কথা, তিনিই আর্জেন্টিনার প্রাণ।
টমাস মুলার (জার্মানি)
বিশ্বকাপ যেন পুরস্কারের ডালি নিয়ে বসে থাকে মুলারের জন্য! গত বিশ্বকাপে জিতলেন গোল্ডেন বুট। এবারও সে দৌড়ে আছেন। আছেন গোল্ডেন বলের দৌড়েও। মুলার মানেই প্রতিপক্ষের ত্রাস। এবার গোল্ডেন বল জিতলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।
নেইমার (ব্রাজিল)
ব্রাজিলের স্বপ্ন আবির্ভূত হয়েছিল তাঁকে ঘিরে। ছোট্ট কাঁধে বিরাট দায়িত্ব নিয়ে ভালোভাবেই এগোচ্ছিলেন। কিন্তু কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগার এক আঘাতে মেরুদণ্ডের মারাত্মক চোটে বিশ্বকাপ শেষ হয়েছে শেষ আটে। তবুও গোল্ডেন বলের দৌড়ের সংক্ষিপ্ত তালিকায় ভালোভাবেই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের পোস্টার বয়।
আরিয়েন রোবেন (হল্যান্ড)
বল নিয়ে রোবেনের খেপাটে দৌড় মানেই প্রতিপক্ষের আত্মরাম খাঁচাছাড়া! গতি, স্কিলে দুর্দান্ত এক ফরোয়ার্ড। নিজেদের প্রথম ম্যাচেই স্পেনকে গুঁড়িয়ে দেওয়ার অন্যতম নায়ক। সেদিন ইকার ক্যাসিয়াসকে নিয়ে যেভাবে খেলেছিলেন, ফুটবলপ্রেমীদের চোখে লেগে থাকবে বহুদিন।
হামেস রদ্রিগেজ (কলম্বিয়া)
‘আলো ছড়াবেন যঁরা’—বিশ্বকাপের আগে এ তালিকায় তাঁর ঠাঁই পাওয়ার প্রশ্নই ওঠে না! বরং রাদামেল ফ্যালকাও না থাকায় আক্ষেপ-দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছিল কলম্বিয়ার সমর্থকদের মন। কিন্তু রদ্রিগেজ-আলোয় সে দুঃখ অনেকটাই ঘুচেছে কলম্বিয়ানদের। এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গোলে (৬) গোল্ডেন বুটের জোর দাবিদার। গোল্ডেন বল পাওয়ার দৌড়ের আছেন ভালোভাবেই।