গোল্ডেন বলের সঙ্গে নেইমারের ব্রোঞ্জ বুট
ডেনিলসন, রোনালদিনহো, আদ্রিয়ানো, কাকা...এই নামগুলোর মধ্যে মিল খুঁজে পাচ্ছেন? চারজনই ব্রাজিলের ফুটবলার, এটা বোধ হয় বলার প্রয়োজন পড়ছে না। এর বাইরেও মিল আছে আরেকটা। এঁরা প্রত্যেকেই কনফেডারেশনস কাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পেয়েছিলেন। এবার নেইমারের নামটাও যোগ হলো তাঁদের সঙ্গে। শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আলো ছড়িয়েছেন, তাতে এবারের টুর্নামেন্টের গোল্ডেন বলজয়ী হিসেবে নেইমারের নাম ঘোষণা করাটা ছিল নিছকই আনুষ্ঠানিকতা। ইন্টারকন্টিনেন্টাল কাপ নামে আয়োজিত প্রথম দুটি আসরে গোল্ডেন বল দেওয়ার প্রথা ছিল না। শুরুটা হয়েছিল কনফেডারেশনস কাপ শুরুর পর থেকেই। ১৯৯৭ সালে এটি জিতেছিলেন ডেনিলসন, দুই বছর পর পরের আসরে রোনালদিনহো, ২০০৫ ও ২০০৯ সালে আদ্রিয়ানো ও কাকা। ২০০১ ও ২০০৩ টুর্নামেন্টে জিতেছিলেন ফ্রান্সের রবার্ট পিরেস ও থিয়েরে অঁরি। সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট পেয়েছেন স্পেনের ফার্নান্দো তোরেস। তোরেসের মতো ব্রাজিলের ফ্রেডের গোলও ৫টি। গোল করানোতেও দুজন সমান (১)। দুজনকে আলাদা করেছে মাঠে কাটানো সময় (ফ্রেড ৪২৩ মিনিট, তোরেস ২৭৩)। ৪ গোল করে ব্রোঞ্জ বুট জুটেছে নেইমারের। তবে একটা জায়গায় বোধ হয় তিনি তোরেস ফ্রেডের চেয়ে এগিয়ে। তাঁর ৪টি গোলই আছে টুর্নামেন্টের সেরা হওয়ার প্রতিযোগিতায়।