গোল্ডেন বুট জিততে চান আগুয়েরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার সিটির হয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার লিগ জিতলেন। এবার জাতীয় দলের হয়েও কিছু জিততে চান আগুয়েরো। ছবি: রয়টার্স
ম্যানচেস্টার সিটির হয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার লিগ জিতলেন। এবার জাতীয় দলের হয়েও কিছু জিততে চান আগুয়েরো। ছবি: রয়টার্স

২০০৭ যুব বিশ্বকাপ নিজের রঙে রাঙিয়ে দিয়েছিলেন সার্জিও আগুয়েরো। সেবার টুর্নামেন্ট-সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল আর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট দুটোই জিতেছিলেন। এই আর্জেন্টাইন ফরোয়ার্ড এবার তাকিয়ে আছেন ব্রাজিল বিশ্বকাপের দিকে। আগুয়েরো আত্মবিশ্বাসী, এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার ক্ষমতা আছে তাঁর।

ইতিহাসের প্রথম বিশ্বকাপেই সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এক আর্জেন্টাইন। সেবার ৮ গোল করেছিলেন গিলের্মো স্টাবিল। আর্জেন্টিনার জার্সি গায়ে এই সম্মানজনক পুরস্কার সর্বশেষ জিতেছেন মারিও কেম্পেস ১৯৭৮ বিশ্বকাপে।

এরপর ডিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, হারনান ক্রেসপোরা দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে সিলভার বুট জিতেছেন। কিন্তু গত ৩৬ বছরে গোল্ডেন বুট আর জেতা হয়নি ম্যারাডোনার দেশের কারও।

ক্রীড়াসামগ্রী উত্পাদনকারী প্রতিষ্ঠান পিউমার এক প্রচারণায় অংশ নিয়ে আগুয়েরো বলেছেন, আর্জেন্টিনার স্ট্রাইকারদের এই ব্যর্থতার ধারা এবার থামিয়ে দিতে চান। প্রত্যয়ী আগুয়েরো বলেছেন, ‘অবশ্যই আমার পক্ষে গোল্ডেন বুট জেতা সম্ভব। পুরস্কারটি আছে জেতার জন্য।’

শুধু ব্যক্তিগত প্রাপ্তি নয়, আগুয়েরোর চোখ দলীয় অর্জনের দিকেও। তবে বাস্তববাদী আগুয়েরো বলছেন, ‘আমরা বিশ্বকাপও জিততে পারি, এটা অবশ্য সহজ হবে না।’

আর্জেন্টিনায় বেড়ে উঠলেও আগুয়েরোর খেলায় সেই শিল্পীত ছোঁয়া অনেকেই খুঁজে পান না। আগুয়েরো নিজেও মানছেন তিনি ‘বল প্লেয়ার’ নন। বল নিয়ে বেশি কারিকুরি করার চেয়ে সরাসরিই খেলতে পছন্দ করেন।

আগুয়েরো জানালেন, ‘আমিও সব সময়ই স্টেপওভারগুলো অনুকরণ করতে চেয়েছি। কিন্তু একবার অনুশীলনে এটা করতে গিয়ে পড়ে যাই। এরপর থেকে এটা করা বাদ দিয়েছি। আমি এখন শুধু আমার নিজের খেলাটা খেলতে চাই।’ সূত্র: গোলডটকম।