গোল্ডেন বুট তোরেসের
একধরনের হতাশার মধ্যে দিন কাটছে ফার্নান্দো তোরেসের। ফর্মে থেকেও মাঠে নেমে নিয়মিত নিজের খেলাটা খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। ভিসেন্তে দেল বস্কের ‘টিকি-টাকা’ কৌশলে তিনি যেন বড্ড অপাঙক্তেয়। এর পরও যতটুকু সময় মাঠে থাকার সুযোগ পেয়েছেন, নিজেকে নিংড়েই দিয়েছেন তিনি। নিজেকে মেলে ধরার আপ্রাণ প্রচেষ্টার মধ্যেই এবারের ইউরোয় তাঁর পা থেকে এসেছে তিনটি গোল। আর এই তিন গোলেই ইউরোর গোল্ডেন বুটটা একান্তই নিজের করে নিলেন এই স্প্যানিশ স্ট্রাইকার।ফাইনালে ১৫ মিনিট মাঠে ছিলেন। আর এই ১৫ মিনিটেই তাঁর পা থেকে এসেছে একটি গোল। আরও একটি গোল তিনি হয়তো করতে পারতেন। কিন্তু তা নিজে না করে হুয়ান মাতাকে দিয়ে করালেন। আর এই ১৫ মিনিটের ঝলকেই তোরেসের হাতে উঠে এল ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের গোল্ডেন বুট।পুরস্কারটা পাওয়ার জন্য তোরেসের প্রতিদ্বন্দ্বী ছিলেন অনেকেই। ছিলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, ইতালির মারিও বালোতেল্লি, ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ, রাশিয়ার অ্যালান জাগোয়েভ ও জার্মানির মারিও গোমেজ। তোরেসের পাশাপাশি এদের সবারই গোল তিনটি করে। মজার ব্যাপার হচ্ছে, ডাগ আউটেই বেশি সময় কাটানোর জন্য তোরেস এই তালিকায় সবচেয়ে কম সময় মাঠে থাকার সুযোগ পেয়েছিলেন। গোল্ডেন বুটের ফয়সালা করতে গিয়ে ইউরোর আয়োজকদের ঘাম ঝরাতে হয়েছে যথেষ্টই—এতে কোনো সন্দেহ নেই। তবে ফাইনালে হুয়ান মাতাকে গোল করতে সহায়তা করার জন্যই শেষ পর্যন্ত গোল্ডেন বুটটা যাচ্ছে তোরেসের বাড়িতে। গোল করতে সহায়তা করার ক্ষেত্রে জার্মানির মারিও গোমেজও ছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী। তবে ফাইনালের রঙ্গ-মঞ্চে নিজে গোল করা এবং অন্যকে সহায়তা করার জন্যই গোমেজের চেয়ে কয়েক কদম এগিয়ে গেছেন তোরেস।এখন, হতাশাটা কি একটু কাটবে তোরেসের? রয়টার্স।