গোল্ডেন বুট মুলারের
ডিয়েগো ম্যারাডানো কি একটু বিব্রতবোধ করছেন? কয়েক মাস আগে যাকে ‘বলবয়’ বলে তিরস্কার করেছিলেন, এই ছোট ছেলেটিই যে জিতে নিয়েছেন গোল্ডেন বুট! সঙ্গে সেরা উদীয়মান ফুটবলারের খেতাব! জার্মানির টমাস মুলার, স্পেনের ডেভিড ভিয়া, হল্যান্ডের ওয়েসলি স্নাইডার, উরুগুয়ের ডিয়েগো ফোরলান প্রত্যেকেই পাঁচটি করে গোল করেছেন। তবে শেষ পর্যন্ত গোল্ডেন বুট গেছে ২০ বছর বয়সী মুলারের ঘরেই।বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ফুটবলে একেবারে অপরিচিত মুখ ছিলেন মুলার। গত মার্চে জাতীয় দলে অভিষেক। আর্জেন্টিনার বিপক্ষে ওই প্রীতি ম্যাচে খেলেছিলেন ৬৬ মিনিট পর্যন্ত। তারপর জার্মানি তাঁকে সংবাদ সম্মেলনে পাঠালে বিজয়ী দলের কোচ ডিয়েগো ম্যারাডোনা কী অপমানটাই করলেন! ‘এখানে এই ছেলেটা থাকলে আমি থাকব না’ বলে উঠে গেলেন ম্যারাডোনা। এই ছেলেটা বলতে ম্যারাডোনা বুঝিয়েছিলেন বলবয়। সেই বলবয়ই চার মাস পর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করেছেন ম্যারাডোনার দলকে! এবার জিতলেন গোল্ডেন বুট। পেয়েছেন সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতি। ম্যারাডোনা তাঁকে চিনেছেন, তাঁকে চিনেছে সারা বিশ্বই।বয়স মাত্র ২০, অথচ খেলেছেন অভিজ্ঞ ফুটবলারের মতো। গ্রুপ পর্বে একটি গোল করেছিলেন, দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডকে ডুবিয়েছেন দুটি গোল করে। পেলে, বেকেনবাওয়ারের পর এত কম বয়সে বিশ্বকাপের নকআউট পর্বের কোনো ম্যাচে একাধিক গোল আর কেউ করতে পারেননি। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে বিদায় করে দেওয়ার ম্যাচেও একটি গোল পেয়েছেন। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে সেমিফাইনালে খেলতে পারেননি, আর সেই ম্যাচেই জার্মানির বিদায়! তবে হতাশ হননি মুলার, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঠিকই গোলের দেখা পেয়েছেন এই তরুণ। জয় পেয়েছে জার্মানিও। এত অল্প বয়সে নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে যাওয়ায় তাঁর সেরা তরুণ ফুটবলারের পুরস্কারটা প্রায় নিশ্চিতই ছিল, পেয়েছেনও। সর্বোচ্চ গোলদাতাদের একজন হওয়ায় জিতে নিয়েছেন গোল্ডেন বুটটাও!