সেঞ্চুরি করে ব্যাট তুলে ধরেন, মাথার ক্যাপ বা হেলমেটটা খুলে দর্শকদের অভিবাদনের জবাব দেন ব্যাটসম্যানরা। পাঁচ উইকেট পেলে বোলাররা উঁচু করে দেখান বল! আর তাঁরা? এমন উচ্ছ্বাসে ভেসে যাওয়ার সুযোগ নেই তাঁদের, ম্যাচ পরিচালনার কঠিন দায়িত্ব যে কাঁধে!
তবে একটা ক্ষেত্রে সেঞ্চুরি করেন আম্পায়াররাও। ম্যাচ পরিচালনার সেঞ্চুরি। গতকাল যেমন করলেন ইংলিশ আম্পায়ার ইয়ান গোল্ড। সিডনিতে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচটিই ছিল ২০০৬ সালে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষিক্ত গোল্ডের শততম ওয়ানডে। আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ারের কণ্ঠে ‘সেঞ্চুরি’র উচ্ছ্বাস, ‘আমি আম্পায়ারিং ভালোবাসি। বিশ্বের সেরা কিছু খেলোয়াড়ের সঙ্গে মাঠে থাকার সম্মানটাই আলাদা।’ শততম ম্যাচ পরিচালনা করা ১৫তম আম্পায়ার গোল্ড। আইসিসি।
আম্পায়ারের মাথায় হেলমেট!
বাংলাদেশ–স্কটল্যান্ডের ম্যাচ। ত্রয়োদশ ওভারে মাহমুদুল্লাহকে পুল করলেন কাইল কোয়েটজার, বল ধেয়ে গেল স্কয়ার লেগে দাঁড়ানো জন্মদিনে মাঠে নামা ব্রুস অক্সেনফোর্ডের মাথা বরাবর। বাঁ দিকে ঝাঁপিয়ে নিজেকে রক্ষা করলেন আইসিসি এলিট প্যানলের এই আম্পায়ার। বড় বাঁচা বাঁচলেন। তবে একটা পুরোনো প্রশ্ন নতুন করে সামনে এল। ধুম-ধাড়াক্কা ক্রিকেটের যুগে কতখানি নিরাপদ আম্পায়াররা? গত নভেম্বরে ইসরাইলের আম্পায়ার হিলেল অস্কার মারা গেছেন মাথায় বলের আঘাতে। তবে কি অদূর ভবিষ্যতে আম্পায়ারদের মাথায়ও উঠবে হেলমেট? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সাবেক আম্পায়ার সাইমন টফেল, ‘ভবিষ্যতে এমন কিছু দেখলে অবাক হব না।’ সিডনি মর্নিং হেরাল্ড।