গোয়ালিয়রে টেন্ডুলকার-কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদিকে প্রসারিত দুই হাত। এক হাতে ব্যাট, যেটিকে তখন আর ব্যাট মনে হয় না; মনে হয় সুতীক্ষ তরবারি। অন্য হাতে ধরা ঘামভেজা হেলমেট, যেটিকে মনে হয় শিরস্ত্রাণ। আর তিনি, যুদ্ধজয়ী রণ-অক্লান্ত বীর, আকাশের দিকে নির্নিমেষ তাকিয়ে। আকাশের ওপারে থাকে আকাশ, তারও ওপারে হয়তো স্বর্গ। সেখানেই, জীবনের ওপারে চলে যাওয়া কবি পিতার উদ্দেশে উত্সর্গিত হয় তাঁর সদ্যরচিত মহাকাব্য।শচীন টেন্ডুলকার কালও ঠিক একই ভঙ্গিতে উদ্যাপন করলেন। গোয়ালিয়রের ক্যাপ্টেন রুপ সিং স্টেডিয়ামে। কিন্তু ঠিকই থেকে গেল পার্থক্য। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির উদ্যাপন এর আগে তিনি নিজে করেছেন ৯২ বার। কিন্তু কালকের সঙ্গে তুলনা চলে না আর কিছুর। ক্রিকেট ইতিহাসের ২৯৬১টি ওয়ানডে ম্যাচে যে ঘটনা ঘটেনি, ওয়ানডে খেলা বাকি ১৮৭৪ জন ক্রিকেটার যা পারেননি, সেই চূড়ায় পা রাখলেন। টেন্ডুলকার ছুঁয়ে ফেললেন ওয়ানডের চার দশকের ইতিহাসে অসূর্যম্পশ্যা হয়ে থাকা সেই রেকর্ড।যেন নিল আর্মস্ট্রং প্রথম পা রাখলেন চাঁদের মাটিতে! শচীন টেন্ডুলকার, মহারাষ্ট্রের ৩৭ বছর বয়সী চিরতরুণ কাল ২২৬ মিনিটে রচনা করলেন নতুন ইতিহাস। ১৪৭ বল খেলে ২৫টি চার আর ৩ ছক্কায় অপরাজিত রইলেন ঠিক ২০০ রানে! ৩ উইকেটে ৪০১ রান তুলে ফেলল ভারত। ২৪৮ রানে অলআউট হয়ে ১৫৩ রানে হারল দক্ষিণ আফ্রিকা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল মহেন্দ্র সিং ধোনির দল। নিশ্চিত হলো র্যাঙ্কিংয়ের দুই নম্বর জায়গাটি অক্ষুণ্ন থাকাও। প্রোটিয়াদের সান্ত্বনা কেবল এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত ১১৪।সকালের নয়; টেন্ডুলকারের ব্যাটে দক্ষিণ আফ্রিকা ছিন্নভিন্ন হবে, সেই পূর্বাভাস দিচ্ছিল গোয়ালিয়রের দুপুরের সূর্য। পরপর দুটো চার মেরে রানের খাতা খুলেছেন। রক্তাক্ত করেছেন চার্ল ল্যাঙ্গেভেল্টকে। অলক্ষ্যে রক্ত ঝরল সব বোলারেরই। শুরু থেকেই নির্লিপ্ত কিন্তু খুনে মেজাজে থাকা টেন্ডুলকার ফিফটি তুলেছেন ৩৭ বলে। ৯০ বলে এসেছে ৪৬তম ওয়ানডে সেঞ্চুরি।মাত্র নয় রান করে বীরেন্দর শেবাগের ফিরে যাওয়ার সামান্য আঁচটুকু পায়নি ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে দিনেশ কার্তিকের সঙ্গে ১৯৪ রানের জুটি। ৭৯ রান করে কার্তিকের বিদায়। ততক্ষণে ২১৯ রান তুলে ফেলেছে ভারত। হাতে মাত্র ১৬ ওভারের মতো ছিল বলে ধোনি উইকেটে পাঠালেন ইউসুফ পাঠানকে। ২৩ বলে ৩৬ করে ইউসুফ তাঁর কাজ সেরেছেন। অধিনায়ক নিজে খেলেছেন ৩৫ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস। কিন্তু আগাগোড়াই সবার দৃষ্টি নিবদ্ধ ছিল টেন্ডুলকারের ওপর। ৩৮তম ওভারে দেড় শ রান করে ফেললেন যখন, তখনই আভাস পাওয়া যাচ্ছিল, আজ বুঝি হয়ে যাবে!হলোও! ৪৬তম ওভারে সাঈদ আনোয়ার আর চালর্স কভেন্ট্রিকে দুয়ে নামিয়ে দিয়ে ওয়ানডের সর্বোচ্চ ইনিংসটার মালিক হয়ে গেলেন তিনি। টেন্ডুলকার অপরাজিত ১৯৫! পরের ৫টি রানের জন্য পুরো ক্রিকেট-বিশ্বই হয়তো উত্কণ্ঠায় গুনেছে প্রতিটি পল। অবশেষে ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে এক রান। ক্রিকেটের আর্মস্ট্রংকে আমরা ছুঁতে দেখলাম চাঁদের মাটি! যোগ্যতম ব্যক্তির পাশেই লেখা হলো ওয়ানডের প্রথম ডাবল সেঞ্চুরিটি। পোয়েটিক জাস্টিস!টেন্ডুলকার-গ্রহণে আচ্ছন্ন ম্যাচের বাকিটুকুর বর্ণনা বড্ড অর্থহীন। সেটিকে আরও অর্থহীন করে দিয়ে ১৩৪ রানে দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেটের পতন! আর কীই বা বাকি থাকে? অন্ধকার, মুখোমুখি বসিবার...না, আলো। উদ্ভাসিত যে আলোর নাম শচীন টেন্ডুলকার!