গোয়ায় আজ বাংলাদেশ-ভারত
কত কাছে দুদেশ অথচ যেন কত দূরে!
বাংলাদেশ-ভারত চাইলে বছরে দুতিনটি প্রীতি ম্যাচ খেলতেই পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, গত ১১ বছরে দুদেশ ফুটবল মাঠে মুখোমুখি হয়েছে মাত্র পাঁচবার! আজ সংখ্যাটা ছয় হচ্ছে।
গোয়ার নেহরু স্টেডিয়ামে আজ বাংলাদেশ-ভারত ম্যাচের আয়োজন কাকতালীয়ভাবে। ৫ মার্চ ফিফা প্রীতি ম্যাচ খেলার সুযোগ কাজে লাগাতে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ভারত। যেহেতু গত সেপ্টেম্বরে সাফ ফুটবলের পর জাতীয় দল কোনো ম্যাচ খেলেনি, উচ্চ বেতনের দুই ডাচ কোচ বসে আছেন, তাই আমন্ত্রণটা লুফে নিয়ে দল পাঠিয়েছে বাফুফে।
রেকর্ডপত্র ঘেঁটে দেখা যাচ্ছে, ভারতের বিপক্ষে বাংলাদেশ শেষবার জিতেছে সেই ২০০৩ ঢাকার সাফের সেমিফাইনালে। ২০০৫ করাচি সাফের গ্রুপে ১-১, ফাইনালে বাংলাদেশের হার ০-২ গোলে। ২০০৭ দিল্লি নেহরু কাপে ভারতের জয় ১-০ ব্যবধানে। শেষ সাক্ষাৎ গত সেপ্টেম্বরের কাঠমান্ডু সাফে। গ্রুপ ম্যাচে বাংলাদেশ এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে রেফারির দেওয়া বিতর্কিত ফ্রিকিকে ১-১। ওই ড্রয়ে গ্রুপ পর্বেই শেষ বাংলাদেশের সাফ মিশণ।
গোয়ায় কাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ বলেছেন, ‘সাফের পর এটিই আমাদের প্রথম ম্যাচ। আগের ম্যাচে আমরা জিততে পারিনি শেষ সময়ে গোল খেয়ে, এ ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে জয়ই একমাত্র মন্ত্র আমাদের।’
আগের সাক্ষাতে ‘ছাত্রের’ কাছে হারতে হারতে বেঁচে যাওয়ায় ভারতের ডাচ কোচ উইম কোভারম্যানের কথা, ‘নতুন-পুরোনো খেলোয়াড় নিয়েই আমরা ম্যাচটা খেলছি। বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে সমীহ করার মতো দল। আমাদের কঠিন পরীক্ষা নেবে। সেই বাধা অতিক্রম করে দেশের মাটিতে আমরা জয়ের সর্বাত্মক চেষ্টা করব।’
দুদলের আগের ২৬ ম্যাচে ভারতের জয় ১৫টি। ৮ ড্র, বাংলাদেশের জয় ৩টি। গোয়ার এর আগে ১৯৯৯ সাফ ফুটবলে বাংলাদেশ ০-২ গোলে হেরেছে ভারতের কাছে। সেই দুঃস্মৃতি মুছে ডি ক্রুইফ এবং তাঁর শিষ্যরা গোয়াবাসীকে দেখাতে চায় নতুন এক বাংলাদেশকে।