গোয়েন্দাগিরি করছেন বালাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে জার্মানির হয়ে এবারের বিশ্বকাপটি খেলতে পারছেন না জার্মান নিয়মিত অধিনায়ক মাইকেল বালাক। তবে দলের বাইরে থেকেও ‘অন্যভাবে’ জার্মানিকে সহায়তা করে যাচ্ছেন বালাক। আজ শনিবার এই তথ্য জানিয়েছেন জার্মান কোচ জোয়াকিম লো। লো জানিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে কালকের ‘আগুন ম্যাচে’ বালাকের গুপ্তচরবৃত্তি জার্মানিকে ইংল্যান্ডের চেয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে।মাইকেল বালাকের এই গুপ্তচরবৃত্তির কারণ তিনি গত কয়েক মৌসুম ইংলিশ জায়ান্ট চেলসির হয়ে খেলেছেন। চেলসি দলে ইংল্যান্ডের মিডফিল্ডার ফ্রাংক ল্যাম্পার্ড, ডিফেন্ডার জন টেরি ও অ্যাশলি কোল তাঁরই টিমমেট ছিলেন। গতকাল শুক্রবারই তিনি চেলসি ছেড়ে যোগ দিয়েছেন নিজের দেশের বেয়ার লেভারকুসেনে। বালাক নিজেই নাকি জোয়াকিম লো এবং তাঁর জার্মান সতীর্থদের ল্যাম্পার্ড, টেরি ও অ্যাশলি কোলকে আটকানোর উপায় বাতলে দিয়েছেন।ইংল্যান্ড-জার্মানি ম্যাচে জার্মান দলের কৌশল সম্পর্কে জোয়াকিম লো রয়টার্সকে বলেন, ‘ইংল্যান্ড দলের খেলোয়াড়দের কীভাবে আটকাতে হয়, তার কৌশল ভালোই জানা আছে আমাদের। কারণ, ইংলিশ প্রিমিয়ার লিগ। আমাদের মাইকেল বালাক ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য আমাদের দিয়েছে। এই ব্যাপারে বালাক জার্মানির হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ভালোই গুপ্তচরবৃত্তি করছে! বালাকের সঙ্গে আমার ও দলের অনেক খেলোয়াড়েরই ফোনে ও ইন্টারনেটে যোগাযোগ রয়েছে। ও জার্মান দলকে নিজের মতো করেই সহায়তা করে যাচ্ছে।’