গৌরবময় ইতিহাস ভুলতে চায় ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসের দিকে তাকালে কেবলই সুখস্মৃতি ব্রাজিলের। দ্বিতীয় রাউন্ডে আজকের প্রতিপক্ষ তাদের কাছে যে পাত্তাই পায়নি! তবে নিজেদের সোনালী ইতিহাস নিয়ে গর্ব নয়, বরং গৌরবময় ইতিহাস ভুলেই চিলির সঙ্গে লড়তে চায় দুঙ্গার দল।গত পাঁচ বছরে দুই দলের সাক্ষাতে সাতবারই হেরেছে চিলি। গোল হজম করেছে ২৬টি! আর বিশ্বকাপে দুই দলের লড়াইয়ের খবরটা জানতে চান? এ পর্যন্ত দুইবার ব্রাজিল-চিলি মুখোমুখি হয়েছে। দুইবারই জিতেছে ব্রাজিল—১৯৬২ সালের সেমিফাইনালে ৪-২ গোলে এবং ১৯৯৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ৪-১ গোলে। চিলি যে শুধু হেরেছে, এমনটা নয়। ২০০২ সালে বিশ্বকাপের বাছাইপর্বে ৩-০ গোলে ব্রাজিলকে হারানোর ইতিহাস রয়েছে তাদের। এবারের বিশ্বকাপের বাছাই পর্বের দুই ম্যাচের দুটিতেই অবশ্য বড় ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল।এ তো গেল দুই দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান। ইতিহাসের আরেকটু পেছনে যেতে চান? সেখানেও আজকের প্রতিপক্ষের অবস্থানটা আকাশ-পাতাল ব্যবধান। ১৯৬২ সালে দেশের মাটিতে সেমিফাইনালে উঠেছিল চিলি। এটিই বিশ্বকাপে দেশটির সর্বোচ্চ অর্জন। এর পর থেকে কোয়ার্টার ফাইনালেও উঠতে পারেনি চিলি। মোট সাতটি বিশ্বকাপে অংশ নিয়েছে তারা। অন্যদিকে বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নেওয়া ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তোলার অপেক্ষায় দুঙ্গার দল।ইতিহাস যখন কেবল ব্রাজিলের জয়গান করছে, তখন দলের অন্যতম প্রাণভোমরা রবিনহো বলছেন, ‘এসব সংখ্যার কোনো অর্থ নেই! ভালো খেলেছি বলে সেই ম্যাচগুলোতে জয় পেয়েছি আমরা। আবারও সেই ভালো খেলাটা খেলে যেতে হবে আমাদের।’ চিলির প্রতি সমীহ জানিয়ে রবিনহো বলছেন, ‘রেকর্ড সব সময় মাঠে ফেবারিট দলের হয়ে কথা বলে না। আমাদের অবশ্যই চিলির প্রতি শ্রদ্ধা রাখা উচিত। আমরা হারতে চাই না, তবে হেরে যাওয়া অসম্ভব কিছু নয়।’রবিনহোর সুরে সুর মিলিয়ে মিডফিল্ডার জিলবার্তো সিলভা বলছেন, ‘অতীতে যা ঘটেছে, তা ভুলতে হবে আমাদের। এবারের ঘটনা সম্পূর্ণ ভিন্ন। এটা নকআউট পর্বের খেলা। চিলি ভালো দল। আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে।’ এরপর সিলভা যোগ করেন, ‘আমাদের ভুল করার কোনো সুযোগ নেই। পাল্টা আক্রমণে চিলি ভয়ঙ্কর।’