গৌরবের গল্প করেন তাঁরা চারজন
বয়স হয়ে গেছে ৮৩, স্মৃতি প্রতারণা করে প্রায়ই। কিন্তু জীবনের সবচেয়ে গৌরবের অধ্যায়টির কথা কি আর ভোলা যায়! ৬০ বছর আগে ফুটবল-বিশ্বকে স্তম্ভিত করে দেওয়া সেই মুহূর্তটির কথা এখনো স্পষ্ট মনে পড়ে ওয়াল্টার বারের। অবিস্মরণীয় সেই মুহূর্তটির কথা মনে করে এখনো সবার আগে তাঁর মনে পড়ে ইংলিশ ফুটবলারদের হতভম্ব চেহারা, ‘আমি শুধু ভাবছিলাম, দেশে গিয়ে ওরা এই হারের ব্যাখ্যাটা কী দেবে!’ফুটবল ইতিহাসের খোঁজখবর রাখা লোকটিও নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কোন ম্যাচের কথা বলা হচ্ছে। ইংলিশ ফুটবলের সবচেয়ে বিব্রতকর মুহূর্ত, ১৯৫০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হার। এমনকি বাস্কেটবল, বেসবল আর আইস হকি-পাগল আমেরিকানরাও ‘মিরাকল অন গ্রাস’ বললেই বুঝে ফেলে কোন ম্যাচ।প্রথম তিনটি আসর থেকে নিজেদের সরিয়ে রাখা ইংলিশদের সেটি ছিল প্রথম বিশ্বকাপ। টুর্নামেন্টের অন্যতম ফেবারিটও ছিল তারা, দলে ছিলেন আলফ রামসে, টম ফিনি, স্টানলি মরটেনসেন ও বিলি রাইটের মতো ফুটবলার। সেই দলটিই কি না হারল ‘পুঁচকে’ যুক্তরাষ্ট্রের কাছে। ‘ফুটবলের জনক’দের হার এমন এক দেশের কাছে খেলাটির বিন্দুমাত্র খোঁজখবর রাখতেন না যে দেশের বেশির ভাগ মানুষ! রিপোর্টার ভুল করেছেন ভেবে ম্যাচের ১-০ ফলাফলকে ইংল্যান্ড ১১-০ তে জিতেছে লিখে দিয়েদিল নামী এক ইংলিশ পত্রিকা। কত গল্প, কত কাহিনি সেই ম্যাচটিকে ঘিরে! সেই ম্যাচের পর কালই আবার প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হচ্ছে দু দেশ।যুক্তরাষ্ট্রের সেই দলের মাত্র চারজন এখনো বেঁচে আছেন। এঁদেরই একজন বার, ২০০৫ সালে সেই ম্যাচকে নিয়ে বানানো এক চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রায়ই নানা মাধ্যমের লোকজন হানা দেন ইতিহাসের এই সাক্ষীর কাছে, জানতে চান তোলপাড় করে দেওয়া সেই সময়গুলোর কথা। বেশির ভাগ সময়ই প্রচণ্ড বিরক্তি লাগে বারের, কারণটা ব্যাখ্যা করেছেন, ‘যত বুড়ো হচ্ছি, ততই যেন বেশি বিখ্যাত হচ্ছি। অথচ বিশ্বকাপ শেষে যখন বাড়ি ফিরেছিলাম, আমার স্ত্রী ছাড়া স্বাগত জানানোর মতো কেউ ছিল না। সেই ম্যাচের পর প্রথম ২৫ বছরে আমি মনে হয় একটি ইন্টারভিউও দিইনি।’মানুষের দোষও খুব একটা নেই। এমনিতেই যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা সে সময় ছিল একদম তলানিতে, তার ওপর আবার পরবর্তী ৪০ বছর বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি তারা। তবে ১৯৯০ থেকেই তারা নিয়মিত, এখন তো বিশ্ব ফুটবলের সমীহ জাগানো শক্তি। আজকের ম্যাচেই ইংল্যান্ড ফেবারিট, তবে যুক্তরাষ্ট্র জিতলেও খুব বেশি অবাক কেউ হবেন না। কিন্তু ১৯৫০ সালের ২৯ জুন পরিস্থিতিটা কী ছিল, শুনুন সেই দলের বেঁচে থাকা আরেকজন ফ্রাঙ্ক বোরঘির মুখে, ‘আমি তো ভাবছিলাম চার-পাঁচ গোলের বেশি না খেলেই মানটা বাঁচানো যাবে!’সেই দলের গোলরক্ষক ছিলেন বোরঘি, ম্যাচের আগে গোল খাওয়া নিয়ে মহা ভাবনায় থাকলেও ম্যাচে ইংলিশদের একের পর এক আক্রমণ ফিরিয়ে হয়ে উঠেছিলেন জয়ের অন্যতম নায়ক। বেঁচে থাকা সেই দলের রাইটব্যাক হ্যারি কেউফ বলছেন, ‘আমরা জানতাম আমাদের জয়টা হবে অলৌকিক কিছু। তবে এটাও জানতাম খেলা শুরু হওয়ার আগে তো অন্তত হারছি না।’তবে বেঁচে থাকাদের সবচেয়ে বিখ্যাত এখন বারই, ম্যাচের একমাত্র গোলটিতে যে ছিল তাঁর ছোঁয়া! গোলটির কথা এখনো স্পষ্ট মনে পড়ে বারের, ‘ডিফেন্ডার হলেও আমি তখন একটু ওপরে উঠে গিয়েছিলাম। একটা পাস পেয়ে দ্রুত এগিয়ে গেলাম, খেয়াল করলাম গোলবার মাত্র গজ বিশেক দূরে। গায়ের সমস্ত শক্তি দিয়ে কিক নিলাম, ইংল্যান্ডর গোলকিপার বার্ট উইলিয়ামস সেভ করতে যাচ্ছিল, কিন্তু জো গায়েটজেন্স উড়ে এসে হেড করে বল জালে পাঠিয়ে দিল।’সেই অপমানের প্রতিশোধ নিতে এবার মরিয়া ইংল্যান্ড। দুই দলের শক্তির বিচারে সেটা খুবই সম্ভব। বারও এটা জানেন, কিন্তু মনে করিয়ে দিয়েছেন আরেকটি চরম সত্যও, ‘ভুলে যাবেন না, ইংল্যান্ড জিতলেও স্রেফ সমতাই আসবে!’ ওয়েবসাইট।