গৌরবের জয়ের পরও আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রাতে হয়তো ভালো ঘুম হয়েছে দুজনের। নির্ঘুম রাতের যন্ত্রণাটা যে বাংলাদেশ দলের দুই স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী জানেন। কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে মিঠুন বললেন ওই কথাটাই, ‘আজ রাতে ভালো করে ঘুমাতে পারব।’ খেপ খেলার ‘কলঙ্ক’ মাথায় নিয়ে বৈরুতে গিয়েছিলেন বিশ্বকাপের বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে। বিপর্যস্ত হয়ে ফেরার পর অপরাধবোধ কুরে কুরে খাচ্ছিল দুজনকে। কাল তাঁরা দুজনই করলেন জয়সূচক গোল দুটি।লেবাননকে ২-০ গোলে হারিয়ে দারুণ খুশি দেখাচ্ছিল কোচ নিকোলা ইলিয়েভস্কিকে। কণ্ঠে উচ্ছ্বাস ঢেলে বললেন, ‘ছেলেদের পারফরম্যান্সে খুব খুশি। প্রথমার্ধে রাজু অমন সুযোগ মিস না করলে আরও বড় ব্যবধানে এগিয়ে যেতে পারতাম। এমন জয়ের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছি।’ লেবাননের কাছে অ্যাওয়ে ম্যাচের হারকে দুর্ভাগ্যজনক বলছেন এই মেসিডোনিয়ান। এশিয়ার সেরা বিশে ঢুকতে না পারায় নিজেকে ও দলকে নিতান্তই দুর্ভাগা মনে হচ্ছে তাঁর কাছে।হাতের মুঠো ফসকে বেরিয়ে গেল স্বপ্নটা। দীর্ঘশ্বাস তাই এমিলির কণ্ঠে। বৈরুতে অন্তত ০-১ গোলে হেরে এলেও অন্যরকমভাবে লিখতে হতো বাংলাদেশের ফুটবল ইতিহাস। তবে এই ম্যাচে একটা কিছু করে দেখানোর জন্য ভেতর থেকেই তাড়না অনুভব করছিলেন, ‘আগে যা করেছি, সেটা ভুলে এখানে ভালো খেলব এমন প্রতিশ্রুতি ছিল। আজ আমরা দুই শত ভাগ উজাড় করে খেলেছি।’ উজাড় করে খেলেছেন গোলরক্ষক মামুন খানও। দু-তিনটি দারুণ সেভ করেছেন। বিপ্লবের সত্যিকারের বিকল্প তাহলে পেয়ে গেল বাংলাদেশ দল? তবে মামুন খান সেটা নিয়ে ভাবেননি, দলের জয়টাই চেয়েছিলেন মনে-প্রাণে, ‘জেদ ছিল এখানে একটা ইতিবাচক ফল করতেই হবে। আমরা পেরেছি।’জয় নিয়েই ফিরতি বিমান ধরতে চেয়েছিলেন লেবাননের কোচ এমিল রুস্তম। কিন্তু সেটা হতে দিলেন না এমিলি-মিঠুনরা। ম্যাচ শেষে বললেন সেটাই, ‘আমি এখানে কঠিন লড়াই আশা করেছিলাম। সেটাই হয়েছে। তবে আমরা অনেক সহজ সুযোগও মিস করেছি।’ বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কাও নাকি ঢুকে গিয়েছিল তাঁর মনে, ‘ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। শেষ তিন মিনিটেও আমরা তিন গোল খেয়ে যেতে পারতাম।’ যোগ করলেন, খেলোয়াড়দের উদাসীনতার কথাও, ‘ওরা হয়তো একটু নির্ভার হয়ে পড়েছিল। এটাও খেলায় প্রভাব ফেলেছে। এখানকার আবহাওয়াও আমাদের পক্ষে ছিল না।’