গ্যাংনাম নয় এবার অন্য কিছু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের জন্য এবার শিরোপা ধরে রাখার মিশন। ঢাকায় এসে কাল সেই লক্ষ্যটাই জানালেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি । প্রথম আলো
ওয়েস্ট ইন্ডিজের জন্য এবার শিরোপা ধরে রাখার মিশন। ঢাকায় এসে কাল সেই লক্ষ্যটাই জানালেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি । প্রথম আলো

আগেরবার ছিল চমক, কিন্তু এবার সেটিই প্রত্যাশার চাপ। বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশন।
স্যুট-টাই চাপিয়ে হাসিমুখে যখন সংবাদ সম্মেলনে এলেন, ড্যারেন স্যামিকে দেখে অবশ্য মনে হলো না তিনি কোনো চাপে আছেন। ফুরফুরে মেজাজ। শিরোপা ধরে রাখা কতটা কঠিন হবে? প্রথম প্রশ্নের জবাবেই জানিয়ে দিলেন মনের জোর, ‘কাজটা খুবই চ্যালেঞ্জিং। কিন্তু আমরা আত্মবিশ্বাসী এবং সর্বোচ্চ চেষ্টাই করব। আমরা শিরোপা ধরে রেখেই ফিরে যেতে চাই।’
কলম্বোয় গতবার ক্যারিবীয়রা দেখিয়েছিল গ্যাংনাম নাচ। এবার কী হবে? প্রশ্নটা শুনে বেশ জোরে হেসে উঠলেন স্যামি, ‘এখনো কিছু ভাবিনি। এবার হয়তো নতুন কিছু করব। আমি জানি না, হয়তো ছেলেদের মধ্যে কেউ কেউ নতুন কিছু ভেবেও রেখেছে। গেইল, ব্রাভো, কেউ না কেউ কিছু একটা বের করবেই। এমনকি আমিও চেষ্টা করতে পারি।’
আত্মবিশ্বাসের কমতি নেই, শিরোপা জিতলে উদ্যাপন কেমন হবে সেটাও টুকটাক মাথায় আছে—তার মানে তো ওয়েস্ট ইন্ডিজ সবদিক দিয়েই তৈরি। শুধু মাঠে নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষা!
প্রত্যাশার চাপ দূরে সরিয়ে রেখে স্যামিদের এমন আত্মবিশ্বাসে টগবগে হয়ে ওঠার অবশ্য অনেক কারণও আছে। দেশের মাটিতে সদ্যই ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১০ আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়টা যে বাড়তি টনিক হিসেবে কাজ করছে সেটি জানালেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কই, ‘কেনসিংটন ওভালের কন্ডিশন আর বাংলাদেশের কন্ডিশন হয়তো এক নয়। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’
কন্ডিশন এক নয়, তবে সেই কন্ডিশন আবার খুব একটা অচেনাও নয় ওয়েস্ট ইন্ডিজের। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে গত চার বছরে বাংলাদেশের মাটিতে ১৬টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। বিদেশি দলগুলোর মধ্যে এই সময়ে বাংলাদেশে এর চেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই অন্য কোনো দলের, ‘সমানসংখ্যক ম্যাচ খেলেছে পাকিস্তান। এই অভিজ্ঞতার পাশাপাশি বাংলাদেশের একসময়ের স্পিন উপদেষ্টা সাকলায়েন মুশতাককে এবার নিজেদের স্পিন উপদেষ্টা হিসেবে পাওয়াকেও বড় শক্তির জায়গা মনে করছেন স্যামি, ‘গত কয়েক বছরে বাংলাদেশে আমরা অনেক খেলেছি। এই কন্ডিশন আমরা খুব ভালো চিনি। পাশাপাশি সাকলায়েন আমাদের স্পিনারদের নিয়ে কাজ করছেন। সব মিলিয়ে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই এসেছি।’
যে দলে ক্রিস গেইল খেলেন তাদের অবশ্য টি-টোয়েন্টিতে এত প্রস্তুতি না থাকলেও চলে। ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার একাই যেকোনো ম্যাচের রং বদলে দিতে যথেষ্ট। এটা স্বীকার করলেও দলের সবচেয়ে বড় তারকাকে বাড়তি কোনো চাপে রাখতে চান না বলেই কি না গেইল প্রসঙ্গে একটু কৌশলী ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক, ‘আমার কাছে টি-টোয়েন্টি ক্রিকেটে গেইল বিশ্বের সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যান। আমাদের দলের জন্য ও বিশাল শক্তি এবং খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আমরা শ্রীলঙ্কায় জিতেছিলাম সবার মিলিত চেষ্টায়। আশা করছি, এবারও প্রতিটি ম্যাচে কেউ না কেউ জ্বলে উঠবে। একই প্রত্যাশা গেইলের কাছেও।’
টি-টোয়েন্টির দুই সাবেক চ্যাম্পিয়ন ভারত-পাকিস্তান, সঙ্গে এবারের অন্যতম শীর্ষ ফেবারিট অস্ট্রেলিয়া। গতকালের জয়ের পর প্রথম পর্ব থেকে স্বাগতিক বাংলাদেশের উঠে আসার সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের গ্রুপটা বেশ কঠিনই। এটা মনে করিয়ে দিলে স্যামি যে হাসিটা দিলেন সেটির একটাই অর্থ হয়—গেইল আছেন যে দলে, প্রতিপক্ষকে নিয়ে সেই দলের এত না ভাবলেও চলে!