
ক্রিস গেইলদের গ্যাংনাম ভুলতে পারছি না। যত দেখি ততই মজা লাগে। অস্ট্রেলিয়াকে হারানোর পর গেইলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দল যেভাবে সেটা উদ্যাপন করল, এক কথায় অসাধারণ। ম্যাচের আগে অস্ট্রেলিয়া রাগিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ম্যাচ জেতার পর অস্ট্রেলিয়ানদের দেখিয়ে দেখিয়ে করা অমন উদ্দাম আনন্দে গেইল-স্যামিরা যেন ভেতরের সেই রাগটাই বের করে দিতে চাইল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরও তারা এ রকম উদ্যাপন করেছে কিনা সন্দেহ।
স্যামি-গেইলদের জয়ের উৎসব আজও হবে আশা করছি। আশা কেন, আমার তো মনে হচ্ছে আজকের সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়া দলটা ওয়েস্ট ইন্ডিজই হবে। এটা ঠিক যে শ্রীলঙ্কা যেকোনো পরিস্থিতি থেকেই জয়ের একটা পথ বের করে ফেলে। বিশ্বকাপের অনেক আগে থেকেই বাংলাদেশে আছে বলে এখানকার কন্ডিশনও ভালোই চেনা লঙ্কানদের। বাংলাদেশে এত দিন থেকে মাত্র একটি না দুটি ম্যাচ হেরেছে। তবে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় তালিকা থেকে একটার পর একটা নাম পড়তে থাকলে আপনারও মনে হবে, সেরা তো এরাই!
ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিটি খেলোয়াড়ই ম্যাচ জেতাতে সক্ষম। ব্যক্তিগত পারফরম্যান্স অনেক বেশি দলটাতে। আর শ্রীলঙ্কার কথা যদি বলি, শেষ পর্যন্ত জয়ের একটা না একটা পথ তারা বের করেই ফেলে। তবে এসব দিয়েও আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখতে পারছি না। ওয়েস্ট ইন্ডিজও এত দিন ঢাকায় ম্যাচ খেলে খেলে এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটা চরম উত্তেজনাকর এক লড়াই হবে বলেই মনে হচ্ছে আমার।
আমার আরেকটা বিশ্বাস, লড়াইয়ের শেষ হাসিটা হাসবে ক্যারিবীয়রাই। ওদের এই দলে এমন সব পারফরমার আছে যে কোনো একজন খেললেই হবে। নাম বলতে বললে স্মিথ, গেইল, স্যামুয়েলসরা আসে। স্যামুয়েলস যদি গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মতোই খেলতে শুরু করে, তাহলে কিছুই করার থাকবে না শ্রীলঙ্কার। ব্রাভো আর স্যামি খুব ভালো খেলছে। রাসেল তো এখনো ব্যাটিংয়ের সুযোগই পেল না।
টি-টোয়েন্টির জন্য ওয়েস্ট ইন্ডিজের তিনজন বিশ্বমানের বোলার আছে। বাংলাদেশের কন্ডিশনেও ওদের কোনো সমস্যা দেখছি না। দুজন স্পিনারই ভালো বোলিং করছে। সান্টোকি খুব খারাপ করছে না। আমার দৃষ্টিতে ওয়েস্ট ইন্ডিজের একটাই সমস্যা—পঞ্চম বোলারের অভাব। অনেকে মিলে বল করে সেটা পুষিয়ে নেয় তারা। দলে বোলিং বিকল্প অনেক, সবাই এক-দুই ওভার করে বল করে। তবে ১২ ওভার বল করার জন্য ওদের এত ভালো বোলার আছে যে বাকি আট ওভারে খারাপ কিছু হলেও পরে তা পুষিয়ে নেওয়া যায়।
শ্রীলঙ্কার শক্তি অভিজ্ঞতায়। আর তাদেরও দু-একজন খেলোয়াড় আছে যারা ম্যাচ জিতিয়ে দিতে পারে। বোলিং আক্রমণও ভালো এবং বৈচিত্র্যময়। এক মালিঙ্গাই তো পারে সব শেষ করে দিতে! তার পরও বলছি, খোলা চোখে আমার কাছে ওয়েস্ট ইন্ডিজকেই এগোনো মনে হয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও শ্রীলঙ্কাকে সামনে পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে জয়ের স্মৃতিও আজ মানসিকভাবে এগিয়ে রাখবে তাদের।
অস্ট্রেলিয়াকে ওভাবে হারানোর পর শেষ ম্যাচে পাকিস্তানকে তো দাঁড়াতেই দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। এই দলটার মধ্যে একটা ব্যাপার বেশ লক্ষণীয়। কোনো টুর্নামেন্টে দলটা যখন ওপরের দিকে উঠতে থাকে, ধাপে ধাপে ওরা আরও বেশি ভালো খেলতে থাকে। সেভাবে চিন্তা করলে আজ ক্যারিবীয়দের আটকানো হবে অসম্ভব। তার ওপর দলটার অধিনায়ক ড্যারেন স্যামি, ভালো খেলে তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেই।
মিরপুরে আজও গেইল-স্যামিদের গ্যাংনামের অপেক্ষায় থাকলাম।