গ্যাটলিনকে নিয়ে ভাবছেন না বোল্ট
অলিম্পিক স্টেডিয়াম প্রস্তুত। প্রস্তুত উসাইন বোল্টও। তার মানে কি ১০০ মিটারে আরেকটা বিশ্ব রেকর্ড? রোমে আজ শুরু হতে যাওয়া ডায়মন্ড লিগের গোল্ডেন গালা শেষ না হওয়া পর্যন্ত সেটা বলার উপায় নেই। তবে বিশ্বের দ্রুততম মানব নিজেই যখন আশার কথা শোনাচ্ছেন তখন কিছু হতেই পারে।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মাঝখানে কিছুদিন ট্র্যাকের বাইরে ছিলেন। এই ফাঁকে কাতারের দোহায় ডায়মন্ড লিগের প্রথম লেগে জাস্টিন গ্যাটলিন ১০০ মিটারে ৯.৯৭ সেকেন্ড টাইমিং করে বুঝিয়েছেন ডায়মন্ড রেস জেতা বোল্টের জন্য সহজ হবে না। চোট থেকে ফিরে একবারই দৌড়েছেন বোল্ট, কিন্তু গত মাসে হওয়া কেম্যান আমন্ত্রণমূলক মিটে তাঁর টাইমিংটা হয়েছে খুব সাদামাটা, ১০.০৯ সেকেন্ড। তবে গত কয়েক সপ্তাহে নিজের ফিটনেস ফিরে পেতে অক্লান্ত পরিশ্রম করেছেন বিশ্বসেরা জ্যামাইকান এবং এখন তিনি তাঁর দৌড়টা দেখাতেও প্রস্তুত বলেই জানালেন, ‘গত কয়েক সপ্তাহে আমি অনেক পরিশ্রম করেছি, নিজের গতি নিয়ে কাজ করেছি। কোচ ও আমি দুজনেই সন্তুষ্ট। আশা করছি, সেরাটাই দিতে পারব।’
রোমের ট্র্যাকে বোল্টের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন ২০০৪ এথেন্স অলিম্পিকে ১০০ মিটারজয়ী জাস্টিন গ্যাটলিন। ডোপ কেলেঙ্কারির নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসার পর সময়টা একেবারে মন্দ যাচ্ছে না গ্যাটলিনের। তবে নির্দিষ্ট কোনো অ্যাথলেটকে নিয়ে আলাদা করে না ভেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপেই সবচেয়ে বেশি মনোযোগ দিতে চান বোল্ট। এএফপি।