গ্যাটলিনের নতুন শুরু
প্রায় এক যুগ হয়ে গেছে অ্যাথলেটিক ট্র্যাকে পা রেখেছেন। সেই হিসাবে মানসিকভাবে বুড়িয়ে যাওয়ার কথা। পেয়ে বসার কথা অবসর-ভাবনা। কিন্তু ২৯ বছর বয়সে এসে জাস্টিন গ্যাটলিন ভাবছেন ক্যারিয়ারের পুনরুজ্জীবনের কথা।২০০৪ এথেন্স অলিম্পিকে ১০০ মিটারে সোনাজয়ী স্প্রিন্টারের এমন মনে হওয়ার কারণও আছে। ডোপ নেওয়ার দায়ে নিষিদ্ধ ছিলেন ৪ বছর। একজন অ্যাথলেটের জন্য ৪ বছর অনেক লম্বা সময়। এই নিষেধাজ্ঞা শেষে গত বছর ট্র্যাকে ফিরেছেন, তবে সেভাবে বড় কোনো মিটে এখনো অংশ নিতে পারেননি। বড় মিটের আয়োজকেরা যে তাঁকে সব সময় এড়িয়েই গেছে। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ট্রায়ালে টিকে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন। এএফপি। ২০০৬ সালের পর নামবেন বড় কোনো প্রতিযোগিতায়। একাগ্রচিত্তে নিচ্ছেন সেই প্রস্তুতি। আগামী আগস্ট-সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার দেগুর বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিয়ে গ্যাটলিন রীতিমতো রোমাঞ্চিত।বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রস্তুতির এই সময়ে গত শনিবার অংশ নিয়েছিলেন মাদ্রিদ মিটে। ১০.১০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার জিতেছেনও। সেখানেই স্প্যানিশ দৈনিক এল পাইসকে দেওয়া সাক্ষাৎকারে গ্যাটলিন বলেছেন, ‘মনস্তাত্ত্বিক দিক থেকে ৪ বছরের শাস্তিটা খুবই কঠিন। কারণ আমি শীর্ষে ছিলাম, সবকিছুই ছিল আমার হাতের মুঠোয়। কিন্তু এখন আমি এটিকে দেখছি ভিন্ন চোখে। আমি মনে করি না আমি সেরা অবস্থায় আছি। আমি টাইসন গে, আসাফা পাওয়েলের সমবয়সী, যারা খুবই ভালো করছে। আমার মনে হচ্ছে, আমি আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। শারীরিকভাবে মনে হচ্ছে, আরও কিছু দেওয়ার আছে আমার।’২০০৬ সালে ১০০ মিটারে বিশ্ব রেকর্ড ছোঁয়া দৌড়ের তিন মাস পরই ডোপ টেস্টে পজিটিভ হয়ে ওই শাস্তি পান। তবে ওটাই তাঁর ডোপ কেলেঙ্কারির প্রথম ঘটনা ছিল না। ২০০১ সালেও ধরা পড়েছিলেন। যদিও কখনোই জেনেশুনে ডোপ নিয়েছেন বলে স্বীকার তিনি করেননি।দেগুতে গ্যাটলিনকে দৌড়াতে হবে অলিম্পিক ও বিশ্ব রেকর্ডের মালিক উসাইন বোল্টের সঙ্গে। চ্যালেঞ্জে নামার আগে ‘জ্যামাইকান বজ্রবিদ্যুতের’ প্রশংসা যেমন করেছেন, তেমনি তাঁকে সতর্কবার্তাও পাঠিয়েছেন, ‘বোল্ট এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্প্রিন্টার। প্রচণ্ড আত্মবিশ্বাসীও। কিন্তু যেকোনো মুহূর্তেই সে দুর্বলতা দেখাতে পারে। কোনো স্প্রিন্টারই অপরাজেয় নয়। আমি কাউকে ভয় পাই না।’স্প্রিন্টের ইতিহাস যেন কৃষ্ণাঙ্গদের রাজ্যপাট। স্প্রিন্টের শীর্ষ পর্যায়ে সাদারা কখনোই অ্যাথলেটিকস ট্র্যাকে ঝড় তুলতে পারেনি কেন? গ্যাটলিন বিষয়টাকে দেখেন এভাবে, ‘আমি মনে করি, একইভাবে সাঁতারে শ্বেতাঙ্গদের রাজত্ব। কালো মানুষেরা চেষ্টাও করে না, কারণ তারা মনে করে তারা ভালো করবে না।’