গ্যাটলিনের হুংকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্টরা সাবধান! ফিরে আসছেন মার্কিন স্প্রিন্টাররা। এবার লন্ডন অলিম্পিকে ১০০ মিটারে জ্যামাইকান আধিপত্য খর্ব করতে প্রস্তুত গ্যাটলিন ও গেরা। পরশু মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিক দলে জায়গা করে নিয়েই জ্যামাইকানদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাস্টিন গ্যাটলিন। হুংকারটা একেবারে ফাঁকা বুলি নয়। অরিগনের ইউজিনে পরশু যে সময় নিয়ে অলিম্পিক বাছাই পেরিয়েছেন গ্যাটলিন সেটাই অন্যদের জন্য সতর্কবার্তা।আট বছর পর আবার অলিম্পিকে জায়গা করে নেওয়া গ্যাটলিন বছরের দ্বিতীয় সেরা সময় নিয়ে প্রথম হয়েছেন বাছাইয়ে। এথেন্স অলিম্পিকের দ্রুততম মানবের সময় লেগেছে ৯.৮ সেকেন্ড। এটাই ৩০ বছর বয়সী স্প্রিন্টারের সেরা সময়। চোট থেকে সেরে ওঠা টাইসন গে সময় নিয়েছেন ৯.৮৬ সেকেন্ড, হয়েছেন দ্বিতীয়। ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে নিষিদ্ধ ছিলেন চার বছর। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা গ্যাটলিন শুধু দলে জায়গা ফিরে পেয়েই সন্তুষ্ট নন, ‘অনেকেই বলছেন আমি এখানেই ফিরলাম। তবে আমার মনে হয়, অলিম্পিকের বিজয়মঞ্চে দাঁড়িয়ে স্বপ্ন পুরো না করা পর্যন্ত এটাকে ফেরা বলা যাবে।’ এরপর প্রচ্ছন্ন হুমকিটা দিয়েছেন বোল্ট-পাওয়েলদের, ‘ওই পুরস্কারটার (সোনা) দিকেই আমাদের সবার চোখ। ওখানে যদি তিনজন জ্যামাইকান থাকে তবে তাদের আমাদের টপকাতে হবে। আর এটাই আমাদের লক্ষ্য।’ এএফপি, রয়টার্স।