গ্যাবনের স্বপ্নযাত্রা
গ্যাবনের স্বপ্নযাত্রা চলছেই। পরশু তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে সহ-স্বাগতিকেরা। তিন ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়েই কোয়ার্টার ফাইনালে পা রাখল দলটি। ফ্রান্সভিলে ২২ হাজার দর্শকের উপস্থিতিতে ৬২ মিনিটে গ্যাবনের পক্ষে একমাত্র গোলটি করেন পিয়েরে-এমরিক অবামেয়াং। লিব্রেভিলে হওয়া অন্য ম্যাচে নাইজারকে ১-০ গোলে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে আগেই বিদায় নিশ্চিত হওয়া মরক্কো।ফ্রান্সভিলের ম্যাচটিকে একটু হালকাভাবেই নিয়েছিল আগেই শেষ আটে উঠে যাওয়া তিউনিসিয়া। মূল একাদশের আটজনকে বাইরে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন কোচ সামি ত্রাবেলসি। সুযোগটাকে কাজে লাগিয়েই ২০০৪-এর চ্যাম্পিয়নদের পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেলে গ্যাবন। তিন ম্যাচেই গোল পেয়েছেন তাদের স্ট্রাইকার অবামেয়াং। বেলারুশের ডায়নামো মিনস্কের এই খেলোয়াড় তিন গোল করে যৌথভাবে আছেন গোলদাতাদের শীর্ষে। অ্যাঙ্গোলার মানুচো ও মরক্কোর হুসাইন খারজাও করেছেন তিনটি করে গোল।তিউনিসিয়া এরপর সমতা আনার চেষ্টা করেছে, সফল হয়নি গ্যাবানিজ রক্ষণভাগের দৃঢ়তায়। ম্যাচ শেষে গ্যাবনের জার্মান কোচ গারনট রোর বলেছেন, ‘এখন পর্যন্ত এটাই আমাদের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল। তিউনিসিয়া খুব ভালো দল। ওরা শুরু থেকে শেষ পর্যন্তই আধিপত্য দেখিয়েছে। তবে আমরা শীর্ষে থেকেই শেষ করেছি। এ জন্য খেলোয়াড়দের পেশাদারি মনোভাব ও লড়াকু মানসিকতাকে ধন্যবাদ জানাই।’অন্য ম্যাচে খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে ইউনেস বেলহান্দা মরক্কোর একমাত্র গোলটি করেন। ফলে নবাগত নাইজারের বিদায় হলো শূন্য হাতে। আর অন্যতম ফেবারিট মরক্কো বেঁচে গেল লজ্জার হাত থেকে। সেনেগালের ভাগ্য তো আর বরণ করতে হলো না। সেনেগালও ফিরেছে একেবারে শূন্য হাতে। আগামী শনিবার শুরু হবে কোয়ার্টার ফাইনাল পর্ব। এএফপি।