গ্যারেথ বোল্ট!

১৪ বছর বয়সী ছেলেটা পড়ে কার্ডিফের হোয়াইট চার্চ হাইস্কুলে। ফুটবল, হকি, রাগবি—সবই খেলে। ট্র্যাকে ১০০ মিটার দৌড়াতে সময় নেয় ১১.৪ সেকেন্ড। শরীরচর্চার শিক্ষক একদিন তাই ডেকে বললেন, ‘সবকিছু তো একসঙ্গে হবে না, যেকোনো একটা নিয়ে থাকো। সেটাতেই সেরা হওয়ার চেষ্টা করো।’
চাইলে সিপ্রন্টার হতে পারত ছেলেটা। বেছে নিতে পারত হকি কিংবা রাগবিও। কিন্তু সব ছেড়ে সেদিন থেকে ফুটবলেই মনোযোগী হলো সেই কিশোর। ১০ বছর পর সেই ছেলেটাই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার! গ্যারেথ বেল।
ট্র্যাকে দৌড়ানোর নেশাটা ছাড়তে হয়েছিল কিশোর বয়সেই। কিন্তু অস্ত্র জমা দিলেই তো সেটা চালানোর শিক্ষা সবাই ভোলে না। বেলও যে ভোলেননি, আরও একবার সেটার প্রমাণ দিলেন পরশু রাতে। ফুটবল মাঠটাকে অ্যাথলেটিকসের ট্র্যাক বানিয়ে গ্যারেথ বেল হয়ে গেলেন উসাইন বোল্ট!
দুর্দান্ত গতিতে স্ট্রাইকার কিংবা উইঙ্গাররা ডিফেন্ডারদের পেছনে ফেলছেন—এমন দৃশ্য ফুটবল মাঠে দেখাই যায়। কিন্তু বার্সা ডিফেন্ডার মার্ক বার্ত্রার সঙ্গে বেল যেটা করেছেন, সেটা প্রায় অকল্পনীয়। ৮৫ মিনিটে নিজেদের সীমানায় বল পেয়ে দৌড় শুরু করার পর বার্ত্রা তাঁকে ট্যাকল করেছেন, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন মাঠের বাইরে। সেখান থেকে দৌড়ে এসে শুধু বার্সা ডিফেন্ডারকেই পেছনে ফেলেননি, বলের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং দুর্দান্ত ফিনিশিংয়ে পাঠিয়েছেন বার্সার জালে। ডি মারিয়া আর বার্ত্রার গোলে সমতার পর বেলের ওই বিস্ময় গোলটাই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। বেলকে নিয়ে তাই উচ্ছ্বসিত কোচ কার্লো আনচেলত্তি, ‘এটা ওর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল, কারণ ওই মুহূর্তটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’ মুগ্ধ সতীর্থ জাবি আলোনসোও, ‘অবিশ্বাস্য! আমি এভাবে দৌড়ে কাউকে গোল করতে দেখিনি।’ এএফপি।
গোলের আগে অবিশ্বাস্য সেই দৌড়ের অভিজ্ঞতা শোনালেন বেলও, ‘আমার সিপ্রন্ট দেওয়া ছাড়া উপায় ছিল না। বার্ত্রা আমাকে ধাক্কা দিয়েছে, চেষ্টা করেছে পথ আটকে রাখতে। বল ধরার জন্য আমাকে অনেকটুকু ঘুরে যেতে হয়েছে।’ তবে এ রকম গোল করার অভিজ্ঞতা নাকি নতুন নয় তাঁর কাছে, ‘ওয়েলসের হয়েও আমি এ রকম একটা গোল করেছি। সেটা খুব বেশি দিন আগের কথা নয়। আজও চেষ্টা করেছি যত দ্রুত পারা যায় দৌড়ে বলটা ধরতে।’ শেষ পর্যন্ত দৌড়টা কাজে লাগায় উচ্ছ্বসিত ওয়েলস উইঙ্গার, ‘গোল পাওয়ায় ভালো লাগছে, তবে বেশি ভালো লাগছে রিয়ালের হয়ে শিরোপা জিততে পেরে। ক্লাবের হয়ে প্রথম শিরোপা জয়ে আমি আনন্দিত। আমার মনে হয়, এই মৌসুমে আরও কিছু শিরোপা জিততে পারব আমরা।’
অসাধারণ গোলের পর বেল-বন্দনায় মেতেছে স্প্যানিশ সংবাদমাধ্যমও। দৈনিক মার্কা জানিয়েছে, দুর্দান্ত ওই গোলটা করার আগে ঘণ্টায় প্রায় ২৭ কিলোমিটার গতিতে ৫৮ মিটার দৌড়েছেন বেল। স্প্যানিশ পত্রিকাটি তাই উসাইন বোল্টের সঙ্গে মিলিয়ে তাঁর নাম লিখেছে ‘গ্যারেথ বোল্ট’। পিছিয়ে নেই আরেক দৈনিক এএসও। তারা বেলের দৌড়টাকে তুলনা করেছে বুলেটের গতির সঙ্গে!