গ্যালারি ঠাসা দর্শক চায় হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া হকিতে দর্শক-খরায় গ্যালারি খাঁ খাঁ করে। কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টে দর্শক-খরা হতে দিতে চায় না হকি ফেডারেশন। তাই আগামী ৭ মে থেকে ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া গেমস হকির বাছাইপর্বে মাঠে দর্শক টানতে বেশ কিছু আকর্ষণীয় পরিকল্পনা করেছে হকি ফেডারেশন। ওই টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানকে ঘিরেই মূলত এই পরিকল্পনা। উদ্বোধনী অনুষ্ঠানে গীতিনাট্য, জনপ্রিয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের নাচ ও ডিসপ্লে থাকবে বলে জানা গেছে।দিনকয়েক আগে ফেডারেশনের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়া সাধারণ সম্পাদক খোন্দকার জামিলউদ্দিন জানালেন, ‘দর্শকদের কথা চিন্তা করেই আমরা বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কনসার্টেরও পরিকল্পনা করেছি। আমরা চাই, আবারও হকি মাঠ দর্শকে ভরে উঠুক।’টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ মে, থাইল্যান্ডের বিপক্ষে। এর পর বাংলাদেশ ১০ মে চাইনিজ তাইপে, ১২ মে হংকং, ১৩ মে শ্রীলঙ্কা, ১৫ মে সিঙ্গাপুর ও ১৬ মে ওমানের বিপক্ষে খেলবে। আগামী ৩ মে সবার আগে ঢাকা আসবে হংকং। টুর্নামেন্ট উপলক্ষে অংশগ্রহণকারী ৭ দেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভা হয়েছে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হতে পারে একটি বেসরকারি মোবাইল কোম্পানি। তবে কো-স্পনসর থাকছে যমুনা ব্যাংক।