গ্যালারি থেকে গ্র্যান্ড স্ট্যান্ডে মেহেদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেদী হাসানের কাছে ছিল সাধারণ গ্যালারির টিকিট। সেখান থেকে তিনি চলে আসেন গ্র্যান্ড স্ট্যান্ডে। এরপরই ঘটান ওই কাণ্ড। গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারি থেকে এক দৌড়ে ঢুকে যান মাঠে।
পরশু বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে মেহেদী নামের এক তরুণের ওই দৌড় বিসিবির নিরাপত্তাব্যবস্থার ওপরই প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দিয়েছে। কিন্তু সাধারণ গ্যালারির টিকিট নিয়ে কীভাবে গ্র্যান্ড স্ট্যান্ডে চলে গেলেন মেহেদী? এ ব্যাপারে বিসিবির নিরাপত্তা কমিটির প্রধান সাবেক সেনা কর্মকর্তা হোসেন ইমাম দিলেন চাঞ্চল্যকর তথ্য। কাল মুঠোফোনে তিনি বলেছেন, ‘তাঁর (মেহেদী) কাছে সাধারণ গ্যালারির টিকিট ছিল। কিন্তু বিসিবির লজিস্টিক ও প্রটোকল কমিটির সঙ্গে সম্পৃক্ত মো. সুমন নামে একজন তাঁকে গ্র্যান্ড স্ট্যান্ডে নিয়ে আসেন।’ পরশুর ওই ঘটনার পর থেকে সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিসিবির নিরাপত্তা কর্মকর্তা। পুলিশ তাঁর বাবাকে আটক করেছে।
কাল রাতে মেহেদীর কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার কর্মকর্তা মাহবুব হোসেন। মেহেদী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বলে জানা গেছে।