গ্যালারিতে বিনা টিকিটের 'দর্শক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির নিরাপত্তারক্ষীরা ছিলেন, ছিলেন ওয়াকিটকি হাতে মৌসুমি ‘স্বেচ্ছাসেবকেরা’ও। এ ছাড়া পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তো ছিলেনই। অথচ তাঁকে আটকালেন না কেউই! টিকিট ছাড়াই ১০-১২ জনের বহর নিয়ে দিব্যি ঢুকে পড়লেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে সবাই মিলে দেখলেন প্রথম ওয়ানডে।
বিসিবির এত কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে সম্ভব হলো এটা? সম্ভব হলো কারণ ওই ভদ্রলোক নিজেই একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।
ভারত বা পাকিস্তানের সঙ্গে সিরিজ হলে বাংলাদেশে দর্শকদের আগ্রহ কয়েক গুণ বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। টিকিটের জন্য হাহাকার সিরিজের আগে থেকেই। অথচ বহু কষ্টে জোগাড় করা টিকিট নিয়েও পরশু গ্যালারিতে বসতে পারেননি অনেক দর্শক। টিকিট নম্বর মিলিয়ে নিজের আসনের কাছে গিয়ে দেখেছেন সেখানে অন্য কেউ বসে আছেন, যাঁর হাতে কোনো টিকিটই নেই। এ রকম বিনা টিকিটের দর্শক শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই কর্মকর্তা আর তাঁর সঙ্গীরাই ছিলেন না, ছিলেন আরও অনেকেই। গাঁটের পয়সা খরচ করে টিকিট কেটেও গ্যালারিতে বসতে না পেরে রাগে-ক্ষোভে খেলা না দেখেই ফিরে গেছেন কেউ কেউ।
এ ব্যাপারে জানতে কাল রাতে বিসিবির নিরাপত্তা কমিটির প্রধান মনজুর কাদেরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন বাজলেও ধরেননি তিনি। পাওয়া যায়নি টিকিট ও সিটিং কমিটির কাউকেও। অবশ্য বিসিবির নামমাত্র এই স্থায়ী কমিটিতে এখন কোনো চেয়ারম্যানই নেই। দু-একজন পরিচালকের ‘স্নেহে’ এই কমিটির কার্যক্রম চালাচ্ছেন সদস্যসচিব পদমর্যাদার একজন। ফোন ধরেননি তিনিও। তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন অব্যবস্থাপনার কথা, ‘সিরিজের প্রথম দিনে আমরা কিছু সমস্যার মুখোমুখি হয়েছি। সবাই যদি যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন না করে তাহলে এসব সমস্যার সমাধান হবে না।’
আত্মসমর্পণের সুর মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের কণ্ঠেও, ‘প্রথম ওয়ানডের দিন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ রকম আগে কখনো হয়নি।’ তবে পরশুর অভিজ্ঞতার পর বিসিবি আজ বিনা টিকিটের দর্শকদের বিরুদ্ধে অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘প্রথমে হ্যান্ডমাইকে টিকিটবিহীন দর্শক ও কার্ডধারীদের আসন ছেড়ে দিতে বলা হবে। এরপর সবার টিকিট চেক করা হবে।’
প্রতিটি সিরিজের সময়ই মাঠে খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক, সাংবাদিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে থাকেন প্রচুর স্বেচ্ছাসেবক। এবার সব মিলিয়ে সংখ্যাটা দেড় হাজারের মতো বলে জানা গেছে। তাঁদের পেছনে বিসিবির খরচের অঙ্কটাও বিশাল। কিন্তু এই স্বেচ্ছাসেবকদের কার কী কাজ, সেটাই যেন ঠিক করা নেই! টিকিট কেটেও দর্শক গ্যালারিতে বসতে পারছেন না, ঢুকে যাচ্ছে বিনা টিকিটের দর্শক, অথচ তাঁরা নির্বিকার। স্বেচ্ছাসেবকদের কাছে প্রতিকার চেয়েও পাওয়া যায়নি সমাধান। সেটা অবশ্য একটু কঠিনও। তাঁরা নিজেরাই যে ব্যস্ত থাকেন খেলা দেখা আর সেলফি তোলায়!
তাহলে এত স্বেচ্ছাসেবকের দরকার কী? এই প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তার পাল্টা প্রশ্ন, ‘যারা বিনা টিকিটে ঢুকছেন বা ঢোকাচ্ছেন, তাঁরা কারা জানেন তো? তাঁদের আটকানোর সাহস কার আছে! আপনি পারবেন?’