গ্রন্ডোনা বনাম ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ হিসেবে তেমন কোনো অভিজ্ঞতাই ছিল না। তার পরও আর্জেন্টিনা দায়িত্ব দিয়েছে তাঁকে। কেন? কারণ হুলিও গ্রন্ডোনা। একটু পাগলাটে স্বভাবের, কখন কী করে বসেন ঠিক নেই, আবেগের জলোচ্ছ্বাস; আর্জেন্টিনার মতো একটি দলের কোচ হিসেবে বেমানান। তার পরও তিনি কোচ। কারণ হুলিও গ্রন্ডোনা। নিন্দুকদের ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণ করে বাছাইপর্বে খোঁড়াতে শুরু করল আর্জেন্টিনা, দিশেহারা তিনি খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চাইলেন, একের পর এক খেলোয়াড় বদল হলো, আর্জেন্টিনার বিশ্বকাপ আশাটাই নিভে যেতে বসল। সেই বিক্ষুব্ধ সময়ে তাঁকে আগলে রেখেছিলেন কে? হুলিও গ্রন্ডোনা।গ্রন্ডোনা-ম্যারাডোনা—দুজনের নাম থেকে একটা অভিন্ন ঝংকার ওঠে। কিন্তু আগের সেই সুসম্পর্ক নাকি এখন আর নেই। প্রায় একার সিদ্ধান্তে, দীর্ঘ ফুটবল প্রশাসকের ক্যারিয়ারটা বাজি রেখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছিলেন, আগলে রেখেছিলেন যে ম্যারাডোনাকে, সেই কোচই এখন উল্টো সমালোচনায় মুখর!দুজনের সম্পর্কে ফাটল অবশ্য কোনো ব্যক্তিগত স্বার্থ থেকে নয়। বিশ্বকাপের আগে একেকটি প্রস্তুতি ম্যাচ এখন কোচদের কাছে হীরার চেয়েও দামি। সেই সময় কিনা গ্রন্ডোনা বাতিল করে দিলেন ২৯ মে দুবাইয়ের প্রস্তাবিত প্রস্তুতি ম্যাচটি! চটে গিয়ে ম্যারাডোনা এমনও বলেছেন, ‘এটা খুবই দায়িত্বজ্ঞানহীন একটা কাজ। আমি অবশ্যই এ নিয়ে হুলিওকে প্রশ্ন করব। আর্জেন্টিনা দল যে সাফল্য পাওয়ার যোগ্য, সেটি আর না পাওয়ার একটা ঝুঁকি দেখা দিয়েছে।’ম্যারাডোনা বরাবরই এমন ঠোঁটকাটা। আগপাছ ভাবেন না। সত্যি কথাটাই বলে দেন। কিন্তু মিডিয়ার কাছে এ যে বড় লোভনীয় একটা ‘আইটেম’। ‘গ্রন্ডোনা বনাম ম্যারাডোনা’—গুজবে সাংবাদিকদের কাছে স্বপ্নের মতো একটা শিরোনাম। এটা নিয়ে তাই গত দুই দিনে আর্জেন্টাইন মিডিয়ায় এক পশলা লেখালেখি হয়ে গেছে।ফিফার সিনিয়র সহসভাপতিরও দায়িত্বে থাকা গ্রন্ডোনা নিজে কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে তাঁর ছেলে হামবার্তোর মোটেও ভালো লাগেনি বাবাকে নিয়ে ম্যারাডোনার এমন ছাঁচাছোলা মন্তব্য। হামবার্তো তাই বলেছেন, ‘বাবার ওপর এভাবে একের পর এক সমালোচনা শুনে শুনে আমি ক্লান্ত। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আকাশে যদি একটা গরু উড়ে বেড়ায়, ওরা বাবাকেই দায়ী করবে। যদি কোনো মশা কামড় দেয়, সেই দোষও হবে বাবার।’এএফএ কর্মকর্তার দায়িত্বে থাকা হামবার্তো জানিয়েছেন, প্রয়োজনীয় টাকার সংস্থান করা যায়নি বলেই আরব আমিরাত সফরটা বাতিল করতে হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ নেই। বোঝাই যাচ্ছে, হামবার্তো কথার দিক দিয়ে অন্তত ম্যারাডোনার চেয়ে কম যান না! ম্যারাডোনাকে তাঁর হুঁশিয়ারি, ‘আপনি যদি আবারও বাবাকে আক্রমণ করেন, আমি কিন্তু আপনাকে ধরাশায়ী করব।’ ওয়েবসাইট।