গ্রন্ডোনাকে হুমকি
অন্য আর সবকিছুকেই ক্ষমার চোখে দেখা যায়, কিন্তু কেউ ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা করলে মুখ বুজে সহ্য করা যায় না। ডিয়েগো ম্যারাডোনা সহ্য করবেনও না। ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তির দায়ে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি হুলিও গ্রন্ডোনার বিরুদ্ধে মামলা করবেন ম্যারাডোনা।সারা দুনিয়াই জানে, একটা সময় ভুল করে নিষিদ্ধ ড্রাগের নেশায় জড়িয়ে পড়েন ম্যারাডোনা। কিন্তু ঐকান্তিক চেষ্টায় জীবনের সেই কালো অধ্যায়টি পেছনে ফেলে এসেছেন। ছয়-সাত বছর ধরে ড্রাগমুক্ত পরিচ্ছন্ন জীবন কাটাচ্ছেন বলেই ম্যারাডোনার দাবি।যে বিষয়টা এখন তাঁর জীবনে অতীত, স্রেফ শত্রুতার বশবর্তী হয়ে ম্যারাডোনাকে অপমান করার হাতিয়ার হিসেবে গ্রন্ডোনা কিনা ব্যবহার করলেন পেছনে ফেলে আসা সেই বিষয়টিই। গত সপ্তাহে আর্জেন্টাইন গণমাধ্যমে আভাস-ইঙ্গিতে ৮০ বছর বয়সী গ্রন্ডোনা যা বলেছেন, তাতে ইঙ্গিতটা ম্যারাডোনার সেই ড্রাগ-অধ্যায়ের দিকে। ‘আমি বৃদ্ধ, কিন্তু স্বাস্থ্যবান’—মন্তব্য করে গ্রন্ডোনা আরও বলেন, অন্যরা নিজেরাই নিজেদের জন্য ‘সমস্যা তৈরি করেছে।’গ্রন্ডোনার এই ইঙ্গিতপূর্ণ এই মন্তব্যে ম্যারাডোনা ক্রুদ্ধ। আর্জেন্টাইন দৈনিক ক্লারিনকে বলেছেন, ‘আমার কোনো কিছুই গোপন নেই। এবার আমি কাউকেই ছাড়ব না। গ্রন্ডোনার পুরো পরিবারকেই দেখে নেব। পরিবারের প্রত্যেকেই এমনকি তার নাতি-নাতনিদেরও আমার আইনজীবীর জেরার মুখে পড়তে হবে।’২০১০ বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচ হিসেবে ম্যারাডোনার সঙ্গে চুক্তি নবায়ন না করার মধ্য দিয়ে তাঁদের শত্রুতার শুরু। ম্যারাডোনা তাই মামলাটা এমন শক্তভাবে করতে চান, যেন আর্জেন্টাইন ফুটবলের ক্ষমতা কুক্ষিগত করে রাখা গ্রন্ডোনা সরে দাঁড়াতে বাধ্য হন। ‘এটা হবে কঠিন। গ্রন্ডোনার জন্য আরও কঠিন হবে তাঁর বয়সের কারণে। আমি আশাবাদী, সে এর বাস্তবতাটা বুঝবে এবং অবসর নেবে।’ ওয়েবসাইট।