গ্রন্দোনা ম্যারাডোনাকে দেওয়া কথা রাখেননি: তেভেজ
আর্জেন্টিনার ফুটবল বস জুলিও গ্রন্দোনার বিপক্ষে একরাশ ক্ষোভ ঝেড়ে আর্জেন্টিনা দলের কোচের পদকে বিদায় জানিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। বলেছিলেন, গ্রন্দোনা তাঁর সঙ্গে মিথ্যাচার করেছেন, নিজের দেওয়া কথা তিনি রাখেননি। গ্রন্দোনা ইতিমধ্যেই এ ব্যাপারে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। কিন্তু ম্যারাডোনা-প্রশ্নে আর্জেন্টিনা দলের খেলোয়াড়েরা ও ফুটবল কর্তারা যে সম্পূর্ণ ভিন্নমুখী অবস্থানে রয়েছেন, তা প্রমাণিত হয়ে গেল আর্জেন্টাইন প্লেমেকার কার্লোস তেভেজের কথায়। তিনি গতকাল মঙ্গলবার জানিয়ে দিয়েছেন, জুলিও গ্রন্দোনার ব্যাপারে ডিয়েগো ম্যারাডোনা যা বলেছেন, তাতে পূর্ণ সমর্থন রয়েছে তাঁর। তিনি বলেছেন, গ্রন্দোনা আসলেই ম্যারাডোনার সঙ্গে কথার বরখেলাপ করেছেন।ম্যারাডোনা আর্জেন্টিনা দলের কোচের পদ থেকে বিদায় নেওয়ার সময় বুয়েন্স আয়ার্সের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রন্দোনা সম্পর্কে যা যা বলেছেন তার রেশ ধরেই তেভেজ বলেছেন, জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পর গ্রন্দোনা দলের ড্রেসিং রুমে এসে ম্যারাডোনাকে কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। তিনি ম্যারাডোনাকে আরও বলেছিলেন, কোচ হিসেবে তাঁর চুক্তি নবায়ন করা হচ্ছে এবং এ ব্যাপারে ম্যারাডোনার সব চাহিদাই মেটানো হবে।তেভেজ ক্ষোভের সঙ্গে বলেন, ‘ড্রেসিং রুমে ম্যারাডোনার সঙ্গে হওয়া প্রত্যেকটি কথাই আমার মনে আছে। একবার যদি কোনো বৈঠকে গ্রন্দোনার মুখোমুখি হতে পারতাম, তাহলে তাঁকে জানিয়ে দিতে পারতাম, ম্যারাডোনা আপনার সম্পর্কে যা বলেছেন, তার সবই ঠিক। আপনি আসলেই ম্যারাডোনাকে দেওয়া কথা রাখেননি।’আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন সম্পর্কে তেভেজের অভিমত, এ সংগঠনটির কথা ও কাজে অনেক ফারাক রয়েছে। এর পরপরই তেভেজ বলেন, ‘আমি যা বিশ্বাস করি তাই বললাম, এ জন্য যদি কাল আর্জেন্টাইন জাতীয় দল থেকে আমাকে বাদ দিয়েও দেওয়া হয়, তাতে আমার কিছুই যায় আসে না।’গত মাসে কয়েকটি ব্যাপারে সমঝোতায় পৌঁছতে না পারার কারণে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন জাতীয় দলের কোচ হিসেবে ডিয়েগো ম্যারাডোনার চুক্তি নবায়ন করেনি। ম্যারাডোনার পরিবর্তে ২০০৮-এর বেইজিং অলিম্পিক ফুটবলে সোনাজয়ী আর্জেন্টাইন দলের কোচ সার্জিও বাতিস্তাকে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ করা হয়। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় দলের জন্য নতুন একজন কোচ নিয়োগ দেওয়া হবে।—বুয়েন্স আয়ার্স হেরাল্ড