গ্রান্দোনা 'বেকুব', বললেন ম্যারাডোনা

ব্যাপারটা অনুমিতই ছিল। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান হুলিও গ্রান্দোনার ছোঁড়া ইটের জবাবে ম্যারাডোনার পাটকেল আসছে। সেটা এসেও গেল খুব তাড়াতাড়ি। গ্রান্দোনা ম্যারাডোনাকে ‘অপয়া’ বলার জবাবের উত্তর পেয়ে গেলেন ‘বেকুব’ হিসেবে অভিহিত হয়ে।
ইরানের বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়ের ম্যাচে ম্যারাডোনার উপস্থিতিই নাকি আর্জেন্টিনার জন্য ‘দুর্ভাগ্য’ বয়ে নিয়ে আসছিল। ‘অপয়া’ ম্যারাডোনার মাঠ ত্যাগই নাকি লিওনেল মেসিকে গোল পেতে সহায়তা করেছে—এমন মন্তব্য করে গ্রান্দোনা ম্যারাডোনাকে আর্জেন্টিনা দলের ‘দুর্ভাগ্য’ হিসেবে অভিহিত করেন।
আর্জেন্টাইন ফুটবল প্রধানের এমনতর মন্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ ম্যারাডোনা, ‘যে লোকটি এসব কথা বলছে, সে বেকুব ছাড়া আর কিছুই নয়। আমি স্টেডিয়াম ত্যাগ করেছি প্রথমার্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। লিও গোলটি করেছে খেলার অতিরিক্ত সময়ে। আমি কীভাবে অপয়া হই?’
ম্যারাডোনা আরও বলেন, ‘গোলটি এসেছে মেসির কারিশমায়। যে লোক এমন কথা বলছে, সে এক অর্থে মেসিকেই অপমান করছে।’
গ্রান্দোনা ও ম্যারাডোনার দা-কুমড়া সম্পর্কের ইতিবৃত্ত নতুন কিছু নয়। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি তাঁর দেশের ফুটবল প্রধানকে কী চোখে দেখেন, সেটা ফুটে ওঠে তাঁর একটি মন্তব্যেই, ‘আমাকে নিয়ে গ্রান্দোনার বেশি চিন্তা না করলেও চলবে। আমি আমার এই জায়গায় এসেছি কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে। কিন্তু গ্রান্দোনার দিকে চেয়ে দেখুন, সে যে শার্টটি পরে, সেটাও ফিফার কিনে দেওয়া।’
২০১০ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ম্যারাডোনা আর্জেন্টিনার কোচের পদটি ছেড়ে দেন। পদত্যাগের মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন গ্রান্দোনার ষড়যন্ত্রের কথা।
১৯৭৯ সাল থেকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানের পদটি আঁকড়ে আছেন এই হুলিও গ্রান্দোনা। সিনহুয়া, আইএএনএস।