গ্রামীণ খেলাধুলার মহা আয়োজন
গ্রামীণ খেলাধুলা একরকম হারিয়েই যেতে বসেছে। তা আবার ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সম্প্রতি দেশব্যাপী প্রতিভা খোঁজার কর্মসূচির পর এবার ‘গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা’ নিয়ে আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। আগামী তিন বছরের জন্য বেশ বড় অঙ্কের বাজেট—ছয় কোটি ৬৬ লাখ টাকা। এর আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও ছোট পরিসরে গ্রামীণ খেলা নিয়ে প্রতিযোগিতা আয়োজন করেছিল বেশ কয়েকটি জেলায়।ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটির প্রধান, ক্রীড়াসচিব, জাতীয় ক্রীড়া পরিষদ সচিব এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে কাল জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে সংবাদ সম্মেলন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। লিখিত বক্তব্যে মন্ত্রী জানালেন, গ্রামীণ খেলাধুলা ও ঐতিহ্য ধরে রাখার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার তিন বছর মেয়াদে আয়োজন করতে যাচ্ছে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা। এসব খেলার মধ্যে আছে—বউচি, হাডুডু, ছি-বুড়ি, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, দড়িলাফ, মোরগ লড়াই, বিস্কুট দৌড়, তৈলাক্ত বাঁশে ওঠা, লাঠিখেলা, মার্বেল খেলা, লাটিম, ঘুড়ি ওড়ানো, বালিশযুদ্ধ, কানামাছি, ডাংগুলি, রশি টানা, এক্কা-দোক্কা, সাতচাড়া, নৌকাবাইচ ইত্যাদি। এ কর্মসূচির সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। ঢাকার আশপাশে কোনো ইউনিয়নে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রশ্নোত্তর পর্বে হাসির রোল উঠল মন্ত্রীর এক কথায়। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, এত খেলার মধ্যে তাঁর প্রিয় কোনটা? মন্ত্রীর উত্তর, ‘ছোটবেলায় হাডুডু খেলতাম। দুটি দাঁত ভেঙেছে। তবে এখন তা জোড়া লাগানো হয়েছে।’ ক্রীড়াঙ্গনসংশ্লিষ্ট অন্য বিষয় নিয়েও প্রশ্ন হলো। গত কয়েক দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে কথা হচ্ছে। ফুটবলের মাঠ নিয়ে কেন এত টানাটানি? মন্ত্রীর ‘ধরি মাছ না ছুঁই পানি’-জাতীয় জবাব, ‘এ ধরনের আমি কথা বলিনি। উদ্বোধনের চিন্তাভাবনার কথা বলা হয়েছিল। আমার ব্যক্তিগত ইচ্ছা, এখানে ক্রিকেট আয়োজন না করা। তবে জাতীয় প্রয়োজনে কখন কী ঘটতে পারে, শেষ কথা কিছু নেই। আমি যেটা বলছি, তা-ও শেষ কথা নয়।’ বাংলাদেশ গেমস হচ্ছে না ২০০২ সালের পর থেকে। তা আয়োজন না করে কেন এ গ্রামীণ খেলা প্রতিযোগিতা? মন্ত্রীর উত্তরটা এবারও সুনির্দিষ্ট নয়। শুধু জানা গেল, বাংলাদেশ গেমস আয়োজনের ব্যাপারটা চিন্তাভাবনা করা হচ্ছে। ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের কাউন্সিলরশিপ থাকবে কি না, এ প্রশ্নে তাঁর জবাব, ‘বিষয়টা আমাদের কাছে আসুক। তারপর দেখব।’