গ্রামের মানুষকে পক্ষে পাননি সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ গ্রামের মানুষের বিরোধিতা সইতে হয়েছে ভারতকে অলিম্পিকে ব্রোঞ্জ এনে দেওয়া সাক্ষীকে। ছবি: রয়টার্স।
নিজ গ্রামের মানুষের বিরোধিতা সইতে হয়েছে ভারতকে অলিম্পিকে ব্রোঞ্জ এনে দেওয়া সাক্ষীকে। ছবি: রয়টার্স।

হরিয়ানা রাজ্যের মোখরা গ্রামের ছোটু রাম স্টেডিয়ামে ১২ বছরের মেয়েটিকে দেখে থমকে গিয়েছিলেন ঈশ্বর দাহিয়া-স্থানীয় এক কুস্তি প্রশিক্ষক। এত দিন নিজের আখড়ায় ছেলেদেরই কুস্তির প্রশিক্ষণ দিয়ে এসেছেন তিনি। ১২ বছরের সাক্ষী মালিককে তাই আখড়ায় ভর্তি করে নিতে একটু সংকোচই হচ্ছিল তাঁর। শেষ পর্যন্ত মেয়েটিকে নিলেন তিনি। তবে মোখরার মানুষ ব্যাপারটিকে মোটেও ভালো চোখে দেখেনি। বরং আখড়ায় বাড়ন্ত মেয়েকে কুস্তি লড়তে দেখে ‘জাত গেল’ রব তুলেছে। কিন্তু দুর্দান্ত ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ের গুণে কী না হয়! পরের ইতিহাস তো সকলেরই জানা। ঈশ্বর দাহিয়ার আখড়ায় ভর্তির ১১ বছরের মাথায় ভারতকে অলিম্পিক থেকে পদক এনে দিলেন তিনি।

সাক্ষীর কুস্তিগির হয়ে ওঠার পেছনে গ্রামবাসীর সমর্থন না থাকলেও পরিবারের সমর্থনটা কিন্তু ঠিকই পেয়েছেন তিনি। বাবা-মা দুজনেই মেয়ের ইচ্ছাকেই গুরুত্ব দিয়েছেন। কুস্তির আখড়া থেকে ফেরার পর গ্রামের ছেলেদের অসংখ্য টিটকিরিও হজম করতে হয়েছে তাঁকে। কটু কথা শুনতে হয়েছে গ্রামেরই পাশের ঘরের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে। তাঁর গুরু ঈশ্বর দাহিয়া তো একবার বিরাট সমস্যায় পড়ে গিয়েছিলেন। মেয়েদের খেলাধুলার তীব্র বিরোধী মোখরা গ্রামের পাণ্ডা শ্রেণির লোকজন একবার তাঁর আখড়ার সামনে এসে বিক্ষোভও দেখিয়েছিল। তাঁকে হুমকি দিয়েছিল দেখে নেবার। অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর সেই গ্রামের মানুষই আজ আনন্দে উদ্বেলিত। এক সময় যে মেয়েটির কুস্তি-শিক্ষা ‘লজ্জায়’ তাদের মাথা কেটে ফেলছিল, আজ তারাই মিষ্টি নিয়ে উপস্থিত সাক্ষীর বাড়িতে। সাফল্য এভাবেই বদলে দেয় সকলকে।

সাক্ষী নিজেও জানিয়েছেন সেই দুঃসহ দিনগুলোর কথা, তাঁর কণ্ঠেও ছিল তাঁর এই সাফল্যে নিজের গ্রামের বদলে যাওয়ার আশাবাদ, ‘সবাই বাবাকে বলত, কী করছ তুমি! মেয়ের বিয়ে দিয়ে দাও। সংসার করুক। মা’র মনের মধ্যে প্রথমে একটু সন্দেহ ছিল। চারদিকে এত বিরোধিতা। মা তো ভয় পাবেই। কিন্তু বাবা ছিলেন লক্ষ্যে অটল। কারওর কথা শোনেননি তিনি।

রিও পোডিয়ামে দাঁড়িয়ে বাবা-মা আর আমার গুরু ঈশ্বর দাহিয়ার মুখই মনে পড়েছে। আর মনে পড়ছিল গ্রামের মানুষগুলোর কথা। এবার তারা নিশ্চয়ই বদলাবে। অলিম্পিকে পদক জেতা নিশ্চয়ই অনেক বড় ব্যাপার।’ সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস।