গ্রায়েম সোয়ান খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে ইনিংস পরাজয়। তাও আবার অ্যাশেজ সিরিজে। অস্ট্রেলীয় সমর্থকদের তো উদ্বিগ্ন হওয়ারই কথা। আর অ্যাশেজের প্রথম দুই টেস্টে অসি বোলারদের ব্যর্থতাটাই বেশি করে চোখে পড়ায় বোলিং কিংবদন্তি শেন ওয়ার্নকে আবার ফিরিয়ে আনার দাবিতে শোরগোল পড়ে গেছে অস্ট্রেলীয় সমর্থকদের মধ্যে। ওয়ার্ন অবশ্য সরাসরি হ্যাঁ বা না কিছুই না বলে একটা রহস্যে জড়িয়ে রাখছেন পুরো ব্যাপারটা। তবে টেস্ট ক্রিকেট থেকে অবসরের তিন বছর পরেও নিজের এই জনপ্রিয়তা দেখে তিনি যে খুবই খুশি হয়েছেন সেটা অবশ্য খোলাখুলিই জানিয়েছেন এই কিংবদন্তি লেগ স্পিনার। খুশি হয়েছেন ইংলিশ অফ স্পিনার গ্রায়েম সোয়ানও। তাঁর মতে, অস্ট্রেলিয়া যে খুব চাপের মধ্যে এবং ভয়ে আছে এটা তারই প্রমাণ। তিনি বলেছেন, ‘অস্ট্রেলীয় সমর্থকেরা শেন ওয়ার্নকে ফিরে আসার জন্য যে ডাকাডাকিটা করছে, এটা আমাদের জন্য খুবই ভালো ব্যাপার। অবশ্য সে শুধু এই তিনটা টেস্ট খেলার জন্য অবসর ভেঙে আবার মাঠে ফিরবে কি না, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যা হোক, আমরা আমাদের খেলাটা চালিয়ে যাব। অসিরাই ওসব নিয়ে চিন্তা করুক।’ওয়ার্ন শেষ পর্যন্ত ফিরে না এলেও সমর্থকদের এ দাবিটা যে বেশ ভালোই সাড়া ফেলেছে তা টের পাওয়া গেছে ইংল্যান্ডের উইকেটরক্ষক ম্যাট প্রিয়রের কথায়। অনেকেই এক কথায় উড়িয়ে দিলেও প্রিয়র, ওয়ার্নের এ ফিরে আসার গুঞ্জনটাকে এক কথায় খারিজ করে দেননি। তিনি অবশ্য স্বীকার করেছেন, ওয়ার্ন ফিরে এলে তিনি খুবই অবাক হবেন। কিন্তু সেই সঙ্গে ইংলিশ ব্যাটসম্যানরা যে ওয়ার্নের ঘূর্ণি মোকাবিলা করার জন্য প্রস্তুত সেটাও অসি সমর্থকদের মনে করিয়ে দিয়েছেন প্রিয়র।এদিকে ওয়ার্নের এ প্রত্যাবর্তন আলোচনা আরও উসকে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্স। ওয়ার্নকে অধিনায়কত্বের দায়িত্ব দিলে তিনি আবার ফিরে আসতে পারেন বলে দাবি করেছেন জোন্স। এমনিতেই অস্ট্রেলিয়ার একের পর এক ব্যর্থতায় অনেকেই রিকি পন্টিংয়ের ওপর অনাস্থা জানিয়েছিল। এবার হয়তো পন্টিংকে বাদ দিয়ে ওয়ার্নকে অধিনায়ক বানানোর জন্য নতুন করে ব্যাপক প্রচারণায়ও নামতে দেখা যেতে পারে অসি সমর্থকদের! বিবিসি অনলাইন।