গ্রায়েম স্মিথকে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীর ধমক!
গ্রায়েম স্মিথের ওপর দারুণ চটেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী ফিকিলে এমবালুলা। তাঁর এই রাগের কারণ, ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্বে স্মিথের পক্ষাবলম্বন। প্রোটিয়া অধিনায়ক সম্প্রতি ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাঠে আয়োজিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আয়োজন বোনাস নিয়ে চলমান দ্বন্দ্বে বোর্ডের প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলার পক্ষ নেন। আর এতেই ক্রিকেট দলের অধিনায়ককে ‘ওপরের মহলের’ কোনো রাজনীতিতে নাক না গলানোর জন্য সতর্ক করে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী।ক্রীড়ামন্ত্রী এমবালুলা বলেছেন, ‘এক মাসেরও কম সময়ের ব্যবধানে বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে যাচ্ছে। এ সময় স্মিথের উচিত ওপরের মহলের কোনো ব্যাপারে নাক না গলিয়ে মাঠে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকা। কঠোর অনুশীলনের মাধ্যমে বিশ্বকাপের জন্য নিজেদের তৈরী করা।’ এমবালুলা গ্রায়েম স্মিথকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের গর্ব উল্লেখ করে বলেন, ‘খেলোয়াড়েরা যখন রাজনীতিতে নাক গলায়, রাজনীতি নিয়ে মন্তব্য করে, তখন বিব্রত না হয়ে পারা যায় না। যেটা যার কাজ না সেটা নিয়ে সে মন্তব্য করতে যাবে কেন?’ স্মিথকে নিয়ে এমবালুলার স্পষ্ট বিরক্তি।সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ২০০৯ সালে আয়োজিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আয়োজন স্বত্ত্ব নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এই স্বত্ত্বের অংশীদারীত্ব নিয়ে শুরু হয়েছে বোর্ড সভাপতি এমতুতুজেলি এনইয়োকা ও প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলার মধ্যে শুরু হয় তীব্র দ্বন্দ্ব। মাজোলা নিজের বোনাস নিয়ে নেওয়ায় দারুণ চটেন সভাপতি এনইয়োকা। তিনি দাবী করেন বিচার বিভাগীয় তদন্তের। কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার পর ক্রিকেট বোর্ড অভ্যন্তরীণ তদন্তের ব্যাপারে মতামত ব্যক্ত করে। সেই তদন্তে মাজোলাকে এ সংক্রান্ত ব্যাপারে নির্দোষ দেখানো হলে দুই শীর্ষ কর্মকর্তার বিরোধ তুঙ্গে ওঠে। দেশের ১১টি প্রাদেশিক ক্রিকেট অ্যাসেসিয়েশনও জোটবদ্ধ হয়ে এনইয়োকার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। সবমিলিয়ে, দারুণ অস্থিরতার মধ্য দিয়েই যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কার্যক্রম। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ এই দ্বন্দ্বে মাজোলার পক্ষাবলম্বন করে একটি বিবৃতিও দেন। সেই বিবৃতিতে তিনি বলেন, ‘মাজোলা সবসময়ই ক্রিকেটারদের সুবিধা-অসুবিধার ব্যাপারে নিবেদিত প্রাণ। প্রত্যেকেরই যেকোনো ব্যাপারে নিজের সুযোগ-সুবিধা বুঝে নেওয়ার অধিকার রয়েছে।’ তবে গ্রায়েম স্মিথ মাজোলার পক্ষে বিবৃতি দিলেও এ ব্যাপারে দলের বাকি খেলোয়াড়দের অবস্থান এখনো স্পষ্ট নয়। ওয়েবসাইট।