গ্রিক ট্র্যাজেডি লিখল চেকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিক ট্র্যাজেডিই যেন নতুন করে লেখা হলো ভ্রসলাভে। প্রথম ম্যাচেই গ্রিস হারিয়েছিল দুই সেন্টার ব্যাককে। পরশু চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের প্রথম ছয় মিনিটেই ২ গোল খেয়ে বসল। ২২ মিনিটে আহত হয়ে মাঠ ছাড়লেন গোলরক্ষক কস্তাস চালকিয়াস। এরপর যখন একটু আশার আলো দেখতে পেল গ্রিকরা, লাইন্সম্যানের পতাকা সেটিকেও ঢেকে দিল। ৪১ মিনিটে গিওরগস ফোটাকিসের গোল হয়ে গেল বাতিল। বিরতির পর বদলি খেলোয়াড় থিওফানিস গেকাস মাঠে নামার সাত মিনিটের মধ্যে একটি গোল শোধ দিলেও আর ম্যাচে ফিরতে পারেনি ২০০৪-এর চ্যাম্পিয়নরা। ২০০৪ টুর্নামেন্টের সেমিফাইনালে এই গ্রিসের কাছেই হারের শোধ অন্তত নেওয়া হলো চেকদের।এই হারে ২ ম্যাচে ১ পয়েন্ট পাওয়া গ্রিসের কোয়ার্টার ফাইনালে যাওয়াটা প্রায় অনিশ্চিতই হয়ে গেল। গ্রুপের শেষ ম্যাচে তাদের লড়তে হবে রাশিয়ার সঙ্গে। দলটির পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোসও স্বীকার করে নিলেন, ‘আমাদের সুযোগ খুব কম। আজ আমরা অনেক চেষ্টা করে গেছি, কিন্তু প্রথম ১৫ মিনিটে মনে হয়নি আমরা মাঠে ছিলাম।’হারলেই শেষ ইউরো-স্বপ্ন, এই অবস্থায় মাঠে নেমেই ছয় মিনিটের মধ্যে পিওতর জিরাচেক ও ভাকলাভ পিলারের গোল। বুকের পাষাণভার যেন নেমে গেল ওতেই। কোচ মিকাল বিলেক তাই বললেন, ‘চাপটা ছিল বিশাল। জানতাম, হেরে গেলেই আমাদের ইউরো শেষ। এখন আশাটা বেঁচে রইল।’ জয়ের পর শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন চেক দলের কোচ।জিতলেও চেক প্রজাতন্ত্রকে মূল্য কিন্তু কম দিতে হয়নি। চোটে পড়ে মাঠ ছেড়ে যাওয়া অধিনায়ক ও প্লে-মেকার টমাস রসিস্কি পোল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন।গ্রিস এ ম্যাচে যে গোলটি পেয়েছে, সেটি চেকদের তারকা গোলরক্ষক পিওতর চেকের হাস্যকর ভুলে। গত মাসে চেলসিকে চ্যাম্পিয়নস লিগে জেতানো গোলরক্ষক নিজেও ভুলটা মেনে নিয়েছেন, ‘আমি জানি, খারাপ একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। বলটাকে একটু আগেই ধরতে চেয়েছিলাম।’ এএফপি, রয়টার্স।