গ্রিক ট্র্যাজেডি হয়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস রদ্রিগেজের কাঁধে চড়ে গ্রিসকে উড়িয়ে দিল কলম্বিয়া। দলের তৃতীয় গোলটি করার পর তাঁর ঘাড়ে চড়ে বসলেন সতীর্থরা l এএফপি
জেমস রদ্রিগেজের কাঁধে চড়ে গ্রিসকে উড়িয়ে দিল কলম্বিয়া। দলের তৃতীয় গোলটি করার পর তাঁর ঘাড়ে চড়ে বসলেন সতীর্থরা l এএফপি

২০০৪-এ গ্রিসের সেই রূপকথা এখনো ফুটবলবোদ্ধাদের কাছে বিস্ময়ের নামান্তর৷ খোদ গ্রিক দেবতারাই যেন চ্যারিস্টিয়াস, কারাগুনিসদের মাঝে ভর করেছিলেন টুর্নামেন্টজুড়ে৷ অসাধারণ ফুটবলের প্রদর্শনী দেখিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সেবারের ইউরো চ্যাম্পিয়ন গ্রিস৷ তবে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে সেই গ্রিসকে পাওয়া গেল না৷ ফ্যালকাওবিহীন কলম্বিয়ার সঙ্গে ৩-০ ব্যবধানে পরাজয়ে বিশ্বকাপ অভিযানের শুরুতেই হোঁচট খেল গ্রিকরা৷
গ্রিসের ইউরো-রূপকথার পর সমর্থকদের প্রত্যাশার পারদও বেড়েছিল৷ কিন্তু প্রত্যাশার চাপ সামলে গ্রিস আর সেই সাফল্য ধরে রাখতে পারেনি৷ এর আগে অংশ নেওয়া দুটি বিশ্বকাপেই প্রথম রাউন্ডের বৈতরণি পেরোতে পারেনি গ্রিস৷ তবে এবারের বিশ্বকাপ ড্র আশার পালে হাওয়াই লাগিয়েছিল গ্রিকদের মনে৷ ‘সি’ গ্রুপে তাদের গ্রুপসঙ্গী কলম্বিয়া, জাপান, আইভরিকোস্ট৷ দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য এর চেয়ে মোক্ষম সুযোগ আর পাবে কবে গ্রিস? কিন্তু প্রথম ম্যাচে গ্রিকদের হার তাদের সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে৷
কোচ ফার্নান্দো সান্তোসও তা স্বীকার করে নিলেন, ‘এই পরাজয় নিয়ে নাটক করার সুযোগ নেই৷ আমাদের বিশ্লেষণ করে ম্যাচের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে৷ পরিকল্পনাগুলো নতুন করে সাজাতে হবে৷’
গ্রিস ম্যাচে ফেরার সুযোগ যে পায়নি তা কিন্তু নয়৷ তবে বেশির ভাগ আক্রমণই কলম্বিয়ার ডিবক্সকে খুঁজে পাচ্ছিল না৷ অবশ্য ক্রসবারে লেগে বল ফেরত এসেছে একবার৷ কিন্তু দিনটি ছিল কলম্বিয়ার৷ গ্রিসের পর্তুগিজ কোচ তাই প্রাপ্য অভিনন্দন জানাতে ভোলেননি প্রতিপক্ষকেও, ‘তারা আমাদের চেয়ে কার্যকর ফুটবল খেলেছে৷’ রয়টার্স৷