গ্রিনকে নিয়ে প্রশ্নের সম্মুখীন ক্যাপেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় দিয়েই শুরু হতে পারত ইংল্যান্ডের এবারের বিশ্বকাপ যাত্রা। খেলার শুরুতেই অধিনায়ক স্টিফেন জেরার্ডের গোলে শুরুটা ভালোই হয়েছিল ইংল্যান্ডের। কিন্তু গোলরক্ষক রবার্ট গ্রিনের হাত ফসকে বলটা যেভাবে জালে জড়ালো তাতে মনে হলো যুক্তরাষ্ট্রকে গোলটা যেন উপহারই দিলেন ওয়েস্ট হ্যামের এ গোলরক্ষক। অল্প সময়ের মধ্যেই গোটা ইংল্যান্ডে খলনায়ক বনে গেছেন গ্রিন। এবার সবার দৃষ্টি পড়েছে কোচ ফ্যাবিও ক্যাপেলোর ওপর। পরের ম্যাচে তিনি কি গ্রিনকে আবার দাঁড় করাবেন গোলপোস্টের নিচে?গ্রিনকে যেমন সমালোচনার পাহাড় বয়ে বেড়াতে হচ্ছে, ঠিক তেমনি সমালোচনার তীর গিয়ে বিদ্ধ হচ্ছে কোচ ফ্যাবিও ক্যাপেলোর শরীরেও। ক্যাপেলোকে নিয়ে যে সমালোচনাটা চাউর হয়েছে তা হলো—কেন তিনি রবার্ট গ্রিনের মতো এমন অনভিজ্ঞ গোলরক্ষককে প্রথম একাদশে খেলালেন। রবার্ট গ্রিন এর আগে ইংল্যান্ডের হয়ে মাত্র আটটি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন। ইংলিশ মিডিয়া ও অন্য সমালোচকেরা কিছুতেই মেনে নিতে পারছেন না—ক্যাপেলো বিশ্বকাপের মতো একটি গুরুত্বপূর্ণ আসরে কেন রবার্ট গ্রিনকে ইংল্যান্ডের প্রথম গোলরক্ষক হিসেবে বেছে নিলেন।এই সমালোচনার সরাসরি কোনো জবাব দেননি ক্যাপেলো। তবে তাঁর কণ্ঠে কিছুটা নিজের সিদ্ধান্তের প্রতি সাফাই। ক্যাপেলো, ‘ভুল শেষ পর্যন্ত ভুলই। তবে প্লাটিনাম স্টার্স ও মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গ্রিন কিন্তু চমত্কার খেলেছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও দ্বিতীয়ার্ধে কয়েকটি গোল বাঁচিয়েছে সে।’ নিজের সিদ্ধান্তে সপক্ষে সাফাই গাইলেও ক্যাপেলো রবার্ট গ্রিনকে নিয়ে খুব একটা ভরসা করতে পারছেন না। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়েরার অনুমান করছেন, রবার্ট গ্রিনের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। পরের ম্যাচে ক্যাপেলো আর গ্রিনকে মাঠে নামাবেন না। ক্যাপেলো যদি সত্যি সত্যিই এ সিদ্ধান্ত নেন, তা শিয়েরারের মতে হবে সত্যিকারের সঠিক সিদ্ধান্ত। অ্যালান শিয়েরার মনে করেন, গ্রিনের পরবর্তী ম্যাচ খেলা না-খেলা নির্ভর করছে তিনি এই মানসিক চাপ সামলিয়ে উঠতে পারবেন কি না, তার ওপর। শিয়েরার মনে করেন ওমন একটি ভুলের পর রবার্ট গ্রিনের মানসিক অবস্থা মোটেও ভালো থাকার কথা নয়। এ রকম একটি পরিস্থিতিতে গ্রিনকে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামান হবে আত্মঘাতী। কারণ, নিজেদের মানসিক অবস্থার কারণে তিনি আরও ভুল করে বসতে পারেন।অ্যালান শিয়েরার একটি ব্যাপার কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটির দুই ঘণ্টা আগেও নাকি গ্রিন জানতেন না দেশের হয়ে বিশ্বকাপের একটি ম্যাচ খেলতে নামতে হবে তাঁকে। এটা সত্যি অদ্ভুদ। রবার্ট গ্রিনকে পুরোপুরি দোষ দিয়েও লাভ নেই। কারণ, সে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামার আগে মানসিক প্রস্তুতির সুযোগ পায়নি।